ASANSOL

পশ্চিম বর্ধমানের অন্ডালে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনায় জেলাশাসক

*বেঙ্গল মিরর, অন্ডাল, রাজা বন্দোপাধ্যায়ঃ* মাটি কেটে বৃহস্পতিবার ১০০ দিনের কাজের সূচনা করলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম। পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল ব্লকের মদনপুর গ্রাম পঞ্চায়েতের পালাশবন মৌজায় এদিন ১০০ দিনের কাজের আওতায় গোয়ালা পুকুর পুনঃখনন প্রকল্পের সূচনা হয়। এদিন জেলাশাসক নিজে উপস্থিত থেকে প্রথমে মাটি কেটে ও পরে ফলক উন্মোচন করে এই কাজের সূচনা করেন। অনুষ্ঠানে প্রশাসনের অন্যান্য আধিকারিক, পঞ্চায়েত প্রতিনিধিরা এবং স্থানীয় বাসিন্দারাও উপস্থিত ছিলেন। প্রশাসন সূত্রে জানা গেছে, প্রায় ৬ লক্ষ ৪৫ হাজার টাকার ব্যয়ে এই প্রকল্পের কাজ করা হবে। ১০৯ দিনের কাজের মাধ্যমে এলাকার বহু শ্রমিক কর্মসংস্থানের সুযোগ পাবেন। দীর্ঘদিন ধরে পুকুরটির সংস্কারের দাবি ছিল স্থানীয় বাসিন্দাদের।

পুনঃখননের ফলে একদিকে যেমন জল সংরক্ষণের সুবিধা বাড়বে, তেমনি কৃষিকাজ এবং দৈনন্দিন প্রয়োজনে জল ব্যবহারের ক্ষেত্রেও উপকৃত হবেন এলাকার মানুষ। প্রশাসনের দাবি, গ্রামীণ এলাকায় কর্মসংস্থান বৃদ্ধি এবং জলাশয়গুলির পুনরুজ্জীবনের লক্ষ্যে এই ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই কাজ নির্ধারিত সময়ের মধ্যেই সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এদিন প্রকল্পের সূচনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *