আন্তর্জাতিক যোগ দিবসের আগে মাইথনে এডিপিসির মেগা যোগ শিবির, অংশ নিলেন ৫০০-র বেশি পুলিশকর্মী
*বেঙ্গল মিরর, মাইথন, রাজা বন্দোপাধ্যায়ঃ* আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে বৃহৎ কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার মাইথন জলাধারের মনোরম পরিবেশে এক মেগা যোগ শিবিরের আয়োজন করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট বা এডিপিসি। সালানপুর থানার এই কর্মসূচিতে ৫০০-রও বেশি পুলিশকর্মী অংশগ্রহণ করেন।এই যোগ শিবিরে উপস্থিত ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ড. প্রণব কুমার সহ একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক। কমিশনারেটের বিভিন্ন শাখার পুলিশকর্মীরা একসঙ্গে যোগব্যায়াম করে সুস্থ ও সুশৃঙ্খল জীবনযাপনের বার্তা দেন।এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ কমিশনার ড. প্রণব কুমার জানান, আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে এ বছর কমিশনারেটের পক্ষ থেকে দুটি বৃহৎ যোগ শিবিরের আয়োজন করা হয়েছে।














একটি মাইথনে এবং অন্যটি দুর্গাপুরে হচ্ছে। তিনি বলেন, পুলিশের মতো চাপপূর্ণ পেশায় কর্মরত সদস্যদের শারীরিক সক্ষমতা ও মানসিক সুস্থতা বজায় রাখতে যোগব্যায়ামের গুরুত্ব অপরিসীম।তিনি আরও বলেন, যোগ শুধুমাত্র শরীরচর্চা নয়, এটি মানসিক একাগ্রতা, আত্মনিয়ন্ত্রণ এবং চাপ মোকাবিলার একটি কার্যকর মাধ্যম। নিয়মিত যোগাভ্যাস পুলিশকর্মীদের কর্মদক্ষতা বাড়ানোর পাশাপাশি সুস্থ জীবনযাপনেও সহায়তা করে।
আগামী আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্য জুড়ে বিভিন্ন সচেতনতামূলক ও অংশগ্রহণমূলক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। সেই প্রস্তুতির অংশ হিসেবেই এই বিশেষ যোগ শিবিরের আয়োজন বলে জানানো হয়েছে কমিশনারেটের তরফে।মাইথন জলাধারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অনুষ্ঠিত এই মেগা যোগ শিবিরের শেষে সকল অংশগ্রহণকারী নিয়মিত যোগচর্চা এবং সুস্থ জীবনধারা অনুসরণের শপথ গ্রহণ করেন। অনুষ্ঠান ঘিরে পুলিশকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।


