স্বচ্ছতা”য় জোর দিচ্ছে রাজ্য সরকার বার্নপুরে হাইড্রেন সংস্কারের কাজের সূচনায় পুর ও নগরোন্নয়ন মন্ত্রী
” *বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* ” স্বচ্ছতা” য় জোর দিচ্ছে রাজ্য সরকার। বর্ষার আগে হাইড্রেন থেকে ক্যানাল সংস্কার ও নিকাশি ব্যবস্থা করা হবে। শনিবার সকালে আসানসোলের বার্নপুরে আসানসোল পুরনিগমের ৭৯ নং ওয়ার্ডের রহমতনগর, সুভাষপল্লী সহ অন্যান্য এলাকায় নিকাশী ব্যবস্থার কাজে সূচনা করে এমনটাই জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পাল। আসানসোল পুরনিগমের উদ্যোগে হওয়া ” স্বচ্ছতা সে স্বাগত ” শীর্ষক এক অনুষ্ঠানে পশ্চিম বর্ধমানের জেলাশাসক বা ডিএম এস পোন্নাবলম ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন।অগ্নিমিত্রা পাল বলেন, আগের সরকার নিকাশি ব্যবস্থার উন্নতির জন্য কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি।














এদিন থেকে বার্নপুরে এই কাজ শুরু হলো। ভবিষ্যতে এটি অন্যান্য এলাকাতেও সম্প্রসারিত করা হবে। এর ফলে বর্ষাকালে কোথাও জল জমবে না। তারাতলার ঘটনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, শুধু কলকাতা নয়, রাজ্যের কোথায়ও কোন বেআইনি নির্মাণ আর রাখা হবে না। আইনগত সবকিছু খতিয়ে দেখে তা ভেঙে দেওয়া হবে। এর পাশাপাশি, কোন হাইড্রেন দখল করে নির্মাণ রাখা হবে না।

সমীক্ষা করে দেখা হচ্ছে, কোথায় কি আছে। তারপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, এদিন মন্ত্রী অগ্নিমিত্রা পাল মঞ্চ থেকে বেশ কয়েকজন সাফাই কর্মীকে নতুন পোশাক দেন। তিনি বলেন, এই সাফাই কর্মীরা আমাদের সমাজে পরিচ্ছন্নতা ব্যবস্থা বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই এদিন তাঁদের সম্মানিত করতে পেরে আমি গর্বিত।


