সপরিবারে বিদেশ ভ্রমণে শিক্ষক দুর্গাপুরের বাড়িতে দুঃসাহসিক চুরি, লুঠ ৬ লক্ষ টাকার গয়না
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* সপরিবারে বিদেশ ভ্রমণে গেছিলেন শিক্ষক। সেখান থেকে ফিরে আসার ঠিক আগের দিন বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। কেউ না থাকার সুযোগ নিয়ে চোরেরা সোমবার রাতে বাড়িতে ঢুকে আলমারি ভেঙে প্রায় ৬ লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে। সোমবার সকালে ব্যাঙ্গালোরে থাকাকালীন ঐ শিক্ষক এই ঘটনার কথা জানতে পারেন। বিকেলের পরে বাড়িতে ফিরে আসার পরে তিনি গোটা বিষয়টি দেখেন। এরপর তিনি থানায় খবর দেন। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁকসা থানার সারদাপল্লীর বাসিন্দা হলেন উপেন্দ্র কুমার সিনহা নামের ঐ শিক্ষক ।













গত ৯ সেপ্টেম্বর তিনি ব্যাঙ্গালোরে থাকা স্ত্রী ও ছেলেকে নিয়ে বিদেশে ভ্রমণে যান। তিনি এই কদিন রাতে বাড়িতে শোওয়ার জন্য একজনকে রেখে যান। শিক্ষকের বিদেশ ভ্রমণ শেষ করে ব্যাঙ্গালোর হয়ে দুর্গাপুরের বাড়িতে ফেরার কথা ছিল ২২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে। কিন্তু তার আগে যে ব্যক্তিকে বাড়িতে রাতে শোওয়ার দায়িত্ব দিয়েছিলেন তিনি মঙ্গলবার সকালে শিক্ষককে ফোন করে বলেন যে, তার বাড়িতে দুঃসাহসিক চুরি হয়ে গেছে। ঐ ব্যক্তি ভিডিও কলে শিক্ষককে তার বাড়ির ছবি দেখান।
এর পাশাপাশি ঐ ব্যক্তি শিক্ষককে বলেন, সোমবার রাতে তিনি তার বাড়িতে ঘুমোতে আসেননি। যেহেতু মঙ্গলবার বিকেলের পরে শিক্ষক বাড়ি ফিরে আসবেন, তাই তিনি বাড়ি দেখতে এসে চুরির ঘটনাটি বুঝতে পারেন। এরপরে ঐ শিক্ষক বিমান ধরে বাড়িতে ফিরে এসে দেখেন আলমারি ভাঙ্গা। সবকিছু ওলট-পালট হয়ে রয়েছে।
এই প্রসঙ্গে শিক্ষক উপেন্দ্র কুমার সিনহা বলেন, ভাবিনি বিদেশ থেকে ঘুরে আসার পরে এমন পরিস্থিতিতে পড়বো। চোরেরা আলমারিতে থাকা স্ত্রী ও ছেলের মিলিয়ে প্রায় ৬ লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে। খুবই নিরাপত্তার অভাব বোধ করছি। প্রসঙ্গতঃ, গত কয়েক মাস ধরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর এলাকায় এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে।
মানুষ কোথাও তালা বন্ধ করে বাড়ির বাইরে গেলেই এসে দেখছেন সর্বস্ব চুরি হয়ে গেছে। স্বাভাবিকভাবে নিরাপত্তার বিষয় নিয়ে একটি প্রশ্ন উঠছেই। শিক্ষক উপেন্দ্রকুমার সিনহা, পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। পুলিশ জানায়, অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।

