Bengal Mirror

Think Positive

Bengal Mirror
ASANSOL

পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু ক্ষতিপূরণের দাবিতে আসানসোলে থানায় বিক্ষোভ পরিবারের সদস্যদের

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের জিটি রোডের কুমারপুর ব্রিজে দুর্ঘটনায় মৃত বার্নপুরের ধ্রুবডাঙ্গার বাসিন্দা সুমন সিং ওরফে কুনালের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা ক্ষতিপূরণের দাবিতে রবিবার আসানসোল দক্ষিণ থানার সামনে বিক্ষোভ দেখান। এই বিক্ষোভকে কেন্দ্র করে থানা চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রসঙ্গতঃ শনিবার দুপুরে যথাযথ ক্ষতিপূরণের দাবিতে পরিবারের সদস্যরা প্রথমে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের পর যুবকের মৃতদেহ নিতে অস্বীকৃতি করেছিলো। সেই সময় আসানসোল দক্ষিণ থানার পুলিশ অফিসাররা পরিবারকে আশ্বাস দিয়ে বলেছিলেন যে ক্ষতিপূরণের বিষয়টি সমাধানের জন্য দুদিনের মধ্যে গাড়ির মালিকের সঙ্গে একটি বৈঠক করা হবে।

এরপর ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যরা আসানসোল জেলা হাসপাতাল থেকে মৃতদেহটি নিয়ে যান। এদিন সেই ক্ষতি পূরণের দাবিতে পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দারা আবারও আসানসোল দক্ষিণ থানার সামনে বিক্ষোভ দেখান। পুলিশ আশ্বাস দিয়ে পরিস্থিতি সামাল দেয়। উল্লেখ্য, শনিবার সকালে আসানসোলের জিটি রোডে গোপালপুর এলাকায় কুমারপুর ব্রিজে একটি বেপরোয়া ভাবে আসা পিকআপ ভ্যান কুনাল ওরফে সুমন সিং ও আদিত্য সাউয়ের মোটরবাইকে ধাক্কা মারে। গুরুতর জখম সুমনকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। একটি বেসরকারি হাসপাতালে গুরুতর আহত হওয়া আদিত্য চিকিৎসাধীন রয়েছে। দুই যুবক একটি বহুজাতিক কোম্পানির ডেলিভারি বয়ের কাজ করতো। স্থানীয় বাসিন্দারা মৃতের পরিবারের জন্য অবিলম্বে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *