ASANSOL

তারাতলা উদ্ধারকার্যে অনন্য অবদান বাংলার মুখ্যমন্ত্রীর হাতে সম্মানিত পূর্ব রেলের দল

*বেঙ্গল মিরর, কলকাতা, রাজা বন্দোপাধ্যায়ঃ* কলকাতার তারাতলায় গত ২৪ জুন নির্মীয়মান শেড ভেঙে দুর্ঘটনা ঘটে। তারাতলার সেই মর্মান্তিক দুর্ঘটনায় শেডে কর্মরত ১৫ জনেরও বেশী কর্মী মারা যান। আহত হন অনেকেই। তখনকার পরিস্থিতি ছিল সময়ের বিরুদ্ধে এক কঠিন লড়াই। গোটা শহর যখন উদ্বেগে থমকে গিয়েছিল, ঠিক তখনই হাওড়া, শিয়ালদহ এবং লিলুয়া রেলওয়ে ওয়ার্কশপের দক্ষ কর্মীদের নিয়ে গঠিত পূর্ব রেলের ডেডিকেটেড রেসকিউ অ্যান্ড রিলিফ টিম সরাসরি পৌঁছে গিয়েছিল ঘটনাস্থলে ।

ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), ভারতীয় সেনাবাহিনী, কলকাতা পুলিশ এবং ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেসের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, এই রেল কর্মীরা ২৪ ঘণ্টা নিরলসভাবে কাজ করেছিলেন। ধ্বংসস্তূপ থেকে সাধারণ মানুষকে উদ্ধার করতে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে তারা দেখিয়েছেন অসীম সাহস ও নিয়মানুবর্তিতা।তাদের এই অক্লান্ত ও মানবিক প্রচেষ্টাকে স্যালুট জানিয়েছে রাজ্য সরকার । কলকাতা পুলিশ কমিশনারেট আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে উপস্থিত থেকে সংকটের সময়ে অনন্য সেবা দেওয়া এই বিপর্যয় মোকাবিলা সংস্থাগুলিকে সম্মানিত করেন।

পূর্ব রেলের পক্ষে এই মর্যাদাপূর্ণ সম্মাননা গ্রহণ করেন প্রিন্সিপাল চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (পিসিএমই) পরমানন্দ শর্মা। পাশাপাশি, দ্রুত সাড়া দেওয়া, প্রযুক্তিগত দক্ষতা এবং জীবন বাঁচানোর প্রতি অবিচল অঙ্গীকারের জন্য পূর্ব রেলের ৯০ জন কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে সম্মানিত করা হয়।এই স্বীকৃতি সমগ্র রেল পরিবারের জন্য এক বিশাল গর্ব বয়ে এনেছে। যা জাতীয় সংকটে তাদের প্রযুক্তিগত সক্ষমতা ও সদা-প্রস্তুতির বিষয়টিকেই তুলে ধরে।

দলের এই অনন্য কৃতিত্বের প্রশংসা করে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্কর অসামরিক কর্তৃপক্ষের সাথে চমৎকার সমন্বয় সাধন এবং মাঠে নেমে বীরত্বের সাথে কাজ করার জন্য উদ্ধারকারী দলের প্রতি তাঁর গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।এই সম্পর্কে পূর্ব রেলের চিফ পাবলিক রিলেশনস অফিসার শিবরাম মাঝি বলেন, এই সম্মান আমাদের উদ্ধারকারী দলের প্রতিটি সদস্যের প্রাপ্য, যারা সাধারণ মানুষের চরম বিপদের দিনে নিজেদের ঘুম বিসর্জন দিয়ে নিরলসভাবে কাজ করেছেন। এটি দেশের প্রতি পূর্ব রেলের অবিচল অঙ্গীকারকে আরও একবার প্রমাণ করে এবং দেখায় যে, যখনই ডাক আসবে, রেলের টিম সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে সাড়া দিতে সদা প্রস্তুত।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *