ASANSOLDURGAPUR

ইএসআই, পিএফ ও ন্যূনতম মজুরির দাবিতে দুর্গাপুরে বোরো অফিস ঘেরাও, বিক্ষোভ সাফাই কর্মীদের

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দীর্ঘদিন ধরে ইএসআই, পিএফ এবং ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন দুর্গাপুর নগর নিগমের সাফাই কর্মীরা। সোমবার এই দাবিগুলি সামনে রেখে দুর্গাপুরের সগড়ভাঙা এলাকার ৪ নম্বর বোরো অফিস ঘেরাও করে বিক্ষোভে সামিল হন তারা। বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।বিক্ষোভকারীদের অভিযোগ, ইএসআই ও পিএফ-এর মতো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা এবং ন্যূনতম মজুরি কার্যকরের দাবিতে তাঁরা বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। তাঁদের দাবি, আগের সরকার এবং বর্তমান প্রশাসনের কাছেও একাধিকবার আবেদন, স্মারকলিপি জমা ও আন্দোলন করা হলেও সমস্যার স্থায়ী সমাধান মেলেনি। তাই বাধ্য হয়ে আবার এদিন আন্দোলনের পথে নামতে হয়েছে।

সাফাই কর্মীদের বক্তব্য, প্রতিদিন শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। অনেক কর্মীর অভিযোগ, নিয়ম অনুযায়ী ইএসআই ও পিএফ-এর সুবিধা তাঁরা পাচ্ছেন না। পাশাপাশি বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মজুরি বৃদ্ধি না হওয়ায় সংসার চালানো ক্রমশ কঠিন হয়ে পড়ছে।বিক্ষোভ চলাকালীন কর্মীরা বিভিন্ন দাবিতে স্লোগান দেন এবং দীর্ঘক্ষণ ৪ নম্বর বোরো অফিসের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যান। তাঁদের দাবি, প্রশাসন দ্রুত সমস্যার সমাধানে উদ্যোগী না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।তবে, সাফাই কর্মীদের দাবি নিয়ে দুর্গাপুর নগর নিগমের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *