দুর্গাপুরে অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় ক্ষোভ, সেবা সেতু অভিযানে বিধায়ককে ঘেরাও মহিলাদের
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* অন্নপূর্ণা যোজনার ফর্ম হাতে নিয়ে সরকারি আর্থিক সহায়তার আশায় মাসের পর মাস অপেক্ষা। কিন্তু এখনও অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি। অন্যদিকে, যাঁদের পাওয়ার কথা নয়, তাঁদের অ্যাকাউন্টে সরকারি অনুদান পৌঁছচ্ছে এমনই অভিযোগ তুলে সেবা সেতু অভিযানে এসে ক্ষোভে ফেটে পড়লেন একদল মহিলা।শুক্রবার সকাল থেকেই দুর্গাপুরের বোকারো হোস্টেল এলাকায় সেবা সেতু ক্যাম্পের সামনে অন্নপূর্ণা যোজনার ফর্ম হাতে নিয়ে জড়ো হন মহিলারা। তাঁদের অভিযোগ, তিন-চার মাস ধরে অপেক্ষা করেও অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েনি।













অথচ যোগ্য নন, এমন অনেকের অ্যাকাউন্টে সরকারি অনুদান পৌঁছে যাচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা। এদিন সেবা সেতু অভিযানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘোড়ুই। বিধায়ককে সামনে পেয়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন মহিলারা। একের পর এক অভিযোগ জানিয়ে তাঁকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।মহিলাদের অভিযোগ ও সমস্যার কথা শোনেন বিধায়ক। তাঁদের আশ্বস্ত করার পাশাপাশি নিজের হাতেই অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা নেন তিনি।পরে বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যারা যোগ্য তারা সবাই পাবেন। সরকার ও প্রশাসন গোটা বিষয়টি দেখছে।

