ASANSOLDURGAPUR

দুর্গাপুরে তৃণমূলের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে সরব, তদন্তে পুলিশ

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুর নগর নিগমের ১৪ নম্বর ওয়ার্ডের নতুনপল্লি এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। শুক্রবার সকালে হওয়া এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।তৃণমূলের অভিযোগের তির স্থানীয় বিজেপি নেতৃত্বের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই।তৃণমূল নেতৃত্বর অভিযোগ, এদিন সকাল এগারোটা নাগাদ এলাকার বিজেপির বেশ কিছু কর্মী দলীয় কার্যালয়ের তালা ভেঙে ভিতরে ঢুকে বেশ কিছু জিনিসপত্র ভাঙচুর করে।

অভিযোগ, ভাঙচুরের পর কার্যালয়ে নতুন তালাও লাগিয়ে দেওয়া হয়। কার্যালয়ে থাকা সিসিটিভি ক্যামেরাও ভাঙচুর করা হয়েছে বলে দাবি তৃণমূলের। এছাড়াও বেশ কিছু সামগ্রী ভেঙে পাশের নর্দমায় ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এরপরে তৃণমূল কংগ্রেসের তরফে ঘটনার খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ। অভিযোগ ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ জানায়। এদিকে, বিজেপি বিধায়ক বলেন, দলের কোন কর্মী এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *