বিনা প্রশিক্ষণে অন্নপূর্ণা যোজনার কাজের নির্দেশ, বিডিও অফিসে এসে বিক্ষোভ সালানপুরের আইসিডিএস কর্মীদের
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* ছোট শিশুদের পড়াশোনা ও দেখভালের দায়িত্ব ছেড়ে এবার ‘অন্নপূর্ণা যোজনা’র ফর্ম সংশোধনের কাজ করতে বলায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের আইসিডিএস ( অঙ্গনওয়াড়ি) কর্মীরা। কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই তাঁদের এই জটিল কাজে নামানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ। শুধু তাই নয়, এই বিষয়ে সোমবার বিডিও অফিসে আলোচনার জন্য ডেকে এনে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রেখেও দেখা মেলেনি বিডিও বা সিডিপিওর। যা আইসিডিএস কর্মীদের ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে।আইসিডিএস কর্মীদের দাবি, তাঁদের মূল কাজ শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা ও পুষ্টির দিকটি দেখা।














কিন্তু বর্তমান নির্দেশিকা অনুযায়ী, ব্লকের যেসব মহিলারা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলাপ করেছিলেন এবং যাদের ফর্ম কোনো কারণে বাতিল হয়েছে, সেইসব মহিলাদের বাড়ি বাড়ি যেতে হবে আইসিডিএস কর্মীদের। সেখানে গিয়ে বাতিলের কারণ খতিয়ে দেখে ফর্মটি পুনরায় ঠিক করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।কর্মীদের স্পষ্ট বক্তব্য বাতিল হওয়া আবেদনকারীদের ঠিকানা কর্মীদের জানা নেই। তাঁদের কাছে শুধু ফোন নম্বর দেওয়া হয়েছে।
উদাহরণ দিয়ে এক কর্মী বলেন, রূপনারায়ণপুর বা সালানপুরের কোনো কর্মী যদি ফোন করে জানতে পারেন যে আবেদনকারীর বাড়ি দেন্দুয়া বা দূরবর্তী কোনো গ্রামে, তবে যাতায়াতের সঠিক ভাতা ও ব্যবস্থা ছাড়া এত দূরে গিয়ে কাজ করা তাঁদের পক্ষে অসম্ভব। তাদের আরো দাবি, এই কাজ সম্পূর্ণ নতুন। টেকনিক্যাল একটি কাজের দায়িত্ব দেওয়ার আগে কোনো রকম প্রশিক্ষণ দেওয়া হয়নি।ক্ষুব্ধ কর্মীদের অভিযোগ, এই সমস্যা ও দাবি নিয়ে আলোচনার জন্য এদিন সিডিপিও অফিস থেকে ম্যাসেজ পাঠিয়ে তাঁদের বিডিও অফিসে একটি মিটিংয়ে ডাকা হয়েছিল।
নির্দিষ্ট সময়ে আইসিডিএস কর্মীরা সেখানে উপস্থিতও হন। কিন্তু অভিযোগ, প্রায় ২ ঘণ্টা অপেক্ষা করার পরেও দেখা মেলেনি সিডিপিও কিংবা সালানপুরের বিডিওর। শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ ও চরম উষ্মা প্রকাশ করে মিটিং না করেই বাড়ি ফিরে যান আইসিডিএস কর্মীরা। আইসিডিএস কর্মীদের সাফ কথা, পর্যাপ্ত পরিকাঠামো, সঠিক তথ্য এবং প্রশিক্ষণ ছাড়া তাঁরা এই ‘অন্নপূর্ণা যোজনা’র রিজেক্টেড ফর্ম সংশোধনের কাজ কোনোভাবেই করতে পারবেন না। এই পরিস্থিতিতে ব্লক প্রশাসন আগামীদিনে কি পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার। আইসিডিএস কর্মীদের দাবি ও অভিযোগ নিয়ে সালানপুর ব্লক প্রশাসনের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।


