হেলমেট ছাড়া মোটরবাইক আটকে রোষের মুখে পুলিশ, সাংবাদিক পরিচয় দিয়ে হুমকি, বচসা, আসানসোলে আটক যুবক
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* হেলমেট ছাড়া দুই যুবকের মোটরবাইক আটকে রোষের মুখে আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ড পুলিশ। পরে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে তার মধ্যে এক যুবক কর্তব্যরত পুলিশ অফিসারকে হুমকিও দেয় বলে অভিযোগ। হেলমেট না পড়ে থাকলেও তারা পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার আসানসোলের জিটি রোডের আসানসোল পুরনিগম মোড় সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এসে ঐ যুবককে আটক করে নিয়ে যায়।














জানা গেছে, এদিন সকালে আসানসোল পুরনিগম মোড়ে আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ড পুলিশ হেলমেট ছাড়া মোটরবাইক চালানো দুই যুবককে আটকায়। তার মধ্যে এক যুবক আক্রমণাত্মক হয়ে উঠেন। কর্তব্যরত পুলিশ অফিসারদের সঙ্গে তর্ক শুরু করেন। শুভম ঠাকুর নামের ঐ যুবক পুলিশ অফিসার ও সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে তর্ক করেন। এ বিষয়ে কর্তব্যরত পুলিশ অফিসার বলেন, এদিন আমি আসানসোল পুরনিগম মোড়ের কাছে ডিউটিতে ছিলাম। তখন আমি দুই যুবককে হেলমেট না পরে মোটরবাইক করে আসতে দেখি।
তাদেরকে থামিয়ে জরিমানা করা হয়। এরপর শুভম ঠাকুর নামের এক যুবক আমাদের সঙ্গে তর্ক করে। সে বলে আমি সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। কিন্তু তার প্রেস কার্ড চাইলে সে তা দেখাতে পারেনি। শুধু তাই নয়, সে কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারও করে। পুলিশ অফিসার আরো বলেন, শুভম ঠাকুর নামে ঐ যুবককে আটক করা হয়েছে। তল্লাশির সময় তার পকেট থেকে গাঁজা ও মাদক উদ্ধার করা হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।


