ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

ডেটা রিচার্জের টাকা ও অতিরিক্ত কাজের জন্য ভাতার দাবি সালানপুরে আইসিডিএস কর্মীদের বিক্ষোভ, স্মারকলিপি

*বেঙ্গল মিরর, সালানপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* আইসিডিএস বা শিশু বিকাশ প্রকল্পের অধীনে অতিরিক্ত কাজের চাপ এবং ফোনে ডেটা রিচার্জের খরচ না পাওয়ার ক্ষোভ উগরে দিলেন সালানপুর ব্লকের এই প্রকল্পের আওতাধীন অঙ্গনওয়াড়ি কর্মীরা। শুক্রবার সালানপুর ব্লকের রূপনারায়ণপুরের চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার (সিডিপিও) বা শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কাছে লিখিতভাবে নিজেদের দাবি ও সমস্যার কথা জানিয়েছেন কর্মীরা।কর্মীদের অভিযোগ, শিশু বিকাশ প্রকল্পের নিজস্ব কাজ ছাড়াও বহিরাগত অন্য দপ্তরের আদেশনামা অনুযায়ী তাঁদের দিয়ে মিড-ডে মিল সংক্রান্ত কাজ করানো হচ্ছে।

কর্মীদের স্পষ্ট দাবি, যদি অন্য দপ্তরের এই কাজ তাঁদের করতেই হয়, তবে অফিস থেকে তার জন্য নির্দিষ্ট ভাতার ব্যবস্থা করতে হবে। দীর্ঘদিন ধরে কর্মীরা নিজেদের ফোন ও ব্যক্তিগত খরচে ‘পোষণ ট্র্যাকারে’র সমস্ত কাজ করে আসছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কাজের সুবিধার্থে এবং নিয়মিত ডেটা রিচার্জের জন্য অফিসের পক্ষ থেকে ভাতার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।কর্মীরা জানান,ডেটা রিচার্জের টাকা তাঁরা পেলেও তা সঠিক সময়ে বা প্রতি মাসে আসে না।

ফলে পকেট থেকে টাকা দিয়ে কাজ করতে গিয়ে চরম আর্থিক সমস্যায় পড়তে হচ্ছে তাঁদেরকে। তাই প্রতি মাসের ডেটা রিচার্জের খরচ যাতে প্রতি মাসেই অফিস থেকে দেওয়া হয়, সেই দাবি জানিয়েছেন তাঁরা।সালানপুর শিশু বিকাশ প্রকল্পের বেশ কয়েকজন অঙ্গনওয়াড়ি কর্মীরা স্বাক্ষর করে স্মারকলিপি জমা দেন।

ছিলেন রেশমা সিনহা, সোমা চট্টোপাধ্যায় , রুবি দাস, বাণী মাহাতো, সোনালী সিনহা, গীতা সরকার, কবিতা মণ্ডল সহ অন্যান্যরা ।কর্মীদের আশা, প্রকল্প আধিকারিক তাঁদের এই ন্যায্য দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং দ্রুত রিচার্জের টাকা ও অতিরিক্ত কাজের ভাতার ব্যবস্থা করবেন। অন্যথায় আগামীদিনে কাজ চালানো অসম্ভব হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *