দুর্গাপুরে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ১৬১ তম বোর্ড বৈঠক মন্ত্রীর উপস্থিতিতে উন্নয়নে একাধিক প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার ১৬১ তম বোর্ড বৈঠকে আসানসোল ও দুর্গাপুর শিল্পাঞ্চলের উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি ও জমি সংক্রান্ত জট কাটাতে আলোচনা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শনিবার বিকেলে দুর্গাপুরে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডা ( আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি ) ভবনের কনফারেন্স হলে হওয়া এই বৈঠকে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আড্ডার সিইও অদিতি চৌধুরী, আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোরুই সহ জেলার ছয় বিধায়ক, জেলা প্রশাসন, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ও আড্ডার শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন।














এই বৈঠকে জমি-জটে আটকে থাকা বিভিন্ন সরকারি প্রকল্প, অসম্পূর্ণ রাস্তার কাজ এবং চলমান উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।পরে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, আসানসোল ও দুর্গাপুরের উন্নয়নমূলক কাজ নিয়েই এদিন আড্ডার বোর্ড বৈঠক আলোচনা হয়েছে। জেলা প্রশাসনের আধিকারিক ও বিধায়কদের একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে। পশ্চিম বর্ধমান জেলায় একাধিক স্মার্ট বাসস্ট্যান্ড তৈরি করা হবে। সৌরশক্তির ব্যবহার বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরকে আরও আধুনিক করে তোলা হবে এবং উড়ান পরিষেবা বৃদ্ধির বিষয়েও বিশেষ নজর দেওয়া হবে। তিনি আরো বলেন, যেখানে দুর্নীতির অভিযোগ রয়েছে, সেগুলির তদন্তও করা হবে। এছাড়া জেলার বিভিন্ন নদীর তীরে উন্নয়নমূলক প্রকল্প ও একাধিক নতুন সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে পশ্চিম বর্ধমান জেলাকে নতুন রূপে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।মন্ত্রী জানান, উন্নয়নের গতি বাড়াতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং প্রকল্প বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে। যাতে জেলার এই দুই শিল্পাঞ্চলের মানুষ উপকৃত হন।


