দুর্গাপুরে রাস্তার মোড় থেকে সরিয়ে ফেলা হলো ” বিশ্ব বাংলা” র লোগো
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* শেষ পর্যন্ত দুর্গাপুরের সিটি সেন্টারের নগর নিগম মোড় থেকে সরিয়ে ফেলা হলো ‘বিশ্ব বাংলা’র লোগো। সোমবার দুপুরে ক্রেনের সাহায্যে পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে বিগত সরকারের লাগানো লোগোটি খুলে নেওয়া হয়। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই প্রশ্ন উঠছিল, এখনও কেন গুরুত্বপূর্ণ মোড়ে ‘বিশ্ব বাংলা’র লোগো বহাল রয়েছে? শাসক দলের একাংশের দাবি ছিল, সরকার বদলালেও পূর্বতন তৃণমূল সরকারের প্রতীক চিহ্ন সরানো হয়নি। সেই বিতর্কেরই সোমবার কার্যত ইতি টানা হলো।














এই প্রসঙ্গে বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, বিশ্ব বাংলার নাম করে আগের তৃণমূল সরকার অশোক স্তম্ভকে সরিয়ে দিয়েছিল। কিন্তু বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলা এগোচ্ছে। তাই আবার অশোক স্তম্ভ তার যথাযথ মর্যাদা ফিরে পাচ্ছে। সেই কারণেই বিশ্ব বাংলার লোগো সরিয়ে ফেলা হচ্ছে। পুলিশ প্রশাসনের তরফে এই নিয়ে কোন মন্তব্য করা হয়নি।।


