আসানসোল স্টেশনে উধাও ২১ জুলাইয়ের চেনা ভিড়, ফাঁকা প্ল্যাটফর্ম
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* প্রতি বছর ২১ জুলাই এলেই আসানসোল স্টেশনের চিত্র হয়ে উঠতো সম্পূর্ণ আলাদা। সকাল থেকেই ৭ নম্বর প্ল্যাটফর্ম সহ স্টেশনের বিভিন্ন অংশে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড় দেখা যেত। কলকাতার ধর্মতলায় শহীদ দিবসের সমাবেশে যোগ দিতে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে কর্মীরা স্টেশনে এসে জড়ো হতেন। দলীয় পতাকা, স্লোগান, ব্যানার, ঢাক-ঢোল আর মিছিলের আবহে সরগরম হয়ে উঠত গোটা স্টেশন চত্বর।কিন্তু ২০২৬ সালের ২১ জুলাই সেই দীর্ঘদিনের পরিচিত ছবির সম্পূর্ণ উল্টো দৃশ্য ধরা পড়ল।














মঙ্গলবার সকাল থেকে আসানসোল স্টেশনের প্ল্যাটফর্ম, মূল প্রবেশদ্বার এবং অন্যান্য প্ল্যাটফর্ম ঘুরে দেখা যায়, কোথাও তৃণমূল কর্মীদের উল্লেখযোগ্য জমায়েত নেই। দেখা যায়নি দলীয় পতাকা, স্লোগান কিংবা কলকাতাগামী কর্মীদের ব্যস্ততাও। স্টেশনে ছিলেন শুধুমাত্র সাধারণ নিত্যযাত্রীরা, ফলে পরিবেশ ছিল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক।প্রতি বছরের তুলনায় এবারের এই ব্যতিক্রমী চিত্র স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
দীর্ঘদিন ধরে ২১ জুলাই উপলক্ষে আসানসোল স্টেশন যে রাজনৈতিক কর্মসূচির অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠত, সেখানে এদিন কার্যত সেই দৃশ্যের অনুপস্থিতি নজর কেড়েছে সকলের। এর নেপথ্যে কী কারণ রয়েছে, তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা শুরু হলেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আসানসোল স্টেশনের এই বদলে যাওয়া চিত্র ঘিরে কৌতূহল সাধারণ মানুষের মধ্যেও। বহু নিত্যযাত্রীও এদিন আগের বছরের তুলনায় স্টেশনের পরিবেশে স্পষ্ট পার্থক্য লক্ষ্য করেছেন। রাজনৈতিক পালাবদলের পরে ২০২৬ সালের ২১ জুলাই আসানসোল স্টেশনের এই ছবিই এখন রাজনৈতিক মহলে আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।


