ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

বারাবনিতে অন্নপূর্ণা যোজনার তথ্য যাচাইয়ে গিয়ে অপমান ও হেনস্থার শিকার অঙ্গনওয়াড়ি কর্মীরা থানায় অভিযোগ দায়

*বেঙ্গল মিরর, বারাবনি, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার বারাবনি ব্লকে ‘অন্নপূর্ণা যোজনা’-র তথ্য যাচাইয়ের কাজকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কাজের জায়গায় চরম অপমান, হেনস্থা এবং নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে বারাবনি থানার ওসির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। ‘পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতি’-র পক্ষ থেকে এই লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হয়।সমিতির পক্ষে জানানো হয়েছে, ব্লকের সিডিপিও এবং প্রশাসনের নির্দেশে বারাবনি ব্লকের অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েত এলাকায় অঙ্গনওয়াড়ি কর্মীরা ‘অন্নপূর্ণা যোজনা’-র সুবিধাভোগীদের তথ্য যাচাইয়ের কাজ শুরু করেছিলেন।

কিন্তু গত ৭ জুলাই কাজ করার সময় একটি অপ্রীতিকর ঘটনা ঘটে।অভিযোগে জানানো হয়েছে, কাপিষ্ঠা নিবাসী কাকলি সিনহা নামে এক মহিলা(যিনি সম্ভবত নিজেও কোনো স্বনির্ভর বা গোষ্ঠী কাজের সঙ্গে যুক্ত) এবং তাঁর দলবল ব্লক অফিসের মূল ফটকের সামনে সাধারণ মানুষ ও সংবাদমাধ্যমের উপস্থিতিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের উদ্দেশে অত্যন্ত কুরুচিকর ও অপমানজনক মন্তব্য করেন।

অঙ্গনওয়াড়ি কর্মীদের বক্তব্য, সামান্য সম্মানিক ভাতায় তাঁরা স্বাস্থ্য বিভাগ এবং পঞ্চায়েতের নানান অতিরিক্ত কাজ নিয়মিত করে আসছেন। এমনকি ব্যক্তিগত ক্ষতির মুখে পড়েও সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে তাঁরা এ ধরণের সরকারি প্রকল্পে যুক্ত হন। সংবাদমাধ্যমের সামনে এই ধরণের অভদ্র আচরণে তারা চরম মানহানিকর ও নিরাপত্তাহীন বোধ করছেন। এই ঘটনার পরে ক্ষুব্ধ কর্মীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার অভাবে এই মুহূর্তে তারা কাজ করতে প্রস্তুত নন।

অভিযুক্ত মহিলা যদি প্রকাশ্যে সংবাদমাধ্যমের সামনে নিঃশর্ত ক্ষমা না চান এবং নিজের ভুল স্বীকার না করেন, তবে তারা অন্নপূর্ণা যোজনার কাজ থেকে সম্পূর্ণ বিরত থাকবেন। প্রশাসনের কাছে সংগঠনের তরফে দাবি করা হয় ভবিষ্যতে যেন কর্মীরা একটি সুস্থ ও নিরাপদ পরিবেশে কাজ করতে পারেন, সে ব্যাপারে পুলিশ ও প্রশাসনকে জরুরি ব্যবস্থা গ্রহণ করতে হবে।বারাবনি থানার পুলিশ সূত্রে বলা হয়েছে, বারাবনি থানায় অভিযোগপত্রটি দেওয়া হয়েছে।বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *