উখড়ায় রাস্তায় মাছের আড়তের নোংরা জল ফেলার অভিযোগ, বিজেপির প্রতিবাদ ও বিক্ষোভ
*বেঙ্গল মিরর, উখড়া, রাজা বন্দোপাধ্যায়ঃ* গ্রামের মেন রাস্তায় মাছের আড়তের নোংরা জল ফেলা নিয়ে শুক্রবার সকালে উত্তেজনা ছড়াল অন্ডালের উখড়া গ্রামে । উখড়ার বাজপাই মোড় থেকে গ্রামের দিকে স্কুল মোড় সংলগ্ন মেন রাস্তার ধারে একাধিক মাছের আড়ত রয়েছে । প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মাছ বোঝাই গাড়ি সেখানে আসে । অভিযোগ, মাছ নামানোর পর আড়তের নোংরা জল সরাসরি রাস্তার উপর ফেলে দেওয়া হয় । ফলে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি পথচারী ও যানবাহন চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে, ক্ষতি হচ্ছে পিচ রাস্তারও । এই অভিযোগে শুক্রবার মাছের আরতদের সামনে বিক্ষোভ দেখায় স্থানীয় বিজেপি কর্মী ও সমর্থকেরা ।














বিক্ষোভকারীদের অভিযোগ, এই মেন রাস্তা দিয়েই উখড়া গ্রামের ঐতিহ্যবাহী রথযাত্রা ও উল্টো রথের শোভাযাত্রা যায় । রথযাত্রার আগে আড়ৎ মালিকদের রাস্তায় জল না ফেলার অনুরোধ করা হলেও তা মানা হয়নি বলে দাবি তাঁদের । বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন উখড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনা কোলে । তিনি বলেন, আড়ত মালিকদের বহুদিন আগেই রাস্তায় নোংরা জল না ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল।
পাশাপাশি বিকল্পভাবে জল নিষ্কাশনের ব্যবস্থা করার কথা বলা হয়েছিল । তা এখনও বাস্তবায়িত করেনি আরত মালিকরা । দ্রুত বিকল্প ব্যবস্থা না করা হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময় উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । স্থানীয়দের দাবি, জনস্বাস্থ্য ও পরিবেশের স্বার্থে দ্রুত স্থায়ী সমাধানের উদ্যোগ নিক প্রশাসন । অভিযোগের বিষয়ে আরত মালিকদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

