ASANSOLDURGAPUR

দেওয়ালে হিন্দু দেব-দেবীর ছবিতে কুরুচিকর আচরণের অভিযোগ দুর্গাপুরে প্রতিবাদ জানিয়ে পথ নামলো বজরং দল

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দেওয়ালে হিন্দু দেব-দেবী, যেমন মা সারদা, শ্রীরামকৃষ্ণদেব এবং শিখ গুরুদের ছবি লাগানো রয়েছে । কিন্তু সেই ছবিগুলি এমন জায়গায় লাগানো আছে, যেখানে প্রতিদিন সাধারণ মানুষের যাতায়াত। বজরং দলের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ছবিগুলির সামনেই থুতু ফেলা সহ নানা ধরনের কুরুচিকর আচরণ করা হচ্ছিলো। এর ফলে প্রতিনিয়ত অপমানিত হচ্ছিলো হিন্দু দেব-দেবীরা। একাধিকবার বিষয়টি নজরে এলেও কোনও স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ।এবার এই অভিযোগকে সামনে রেখেই প্রতিবাদে নামলো বজরং দল। শনিবার দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় সংগঠনের কর্মী ও সমর্থকেরা জড়ো হয়ে বিক্ষোভ দেখান।

পরে পুলিশের অনুমতি নিয়ে ছেনি-হাতুড়ির সাহায্যে দেওয়াল থেকে একে একে ছবিগুলি খুলে ফেলা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনার পরিবেশ তৈরি হয়। এই প্রসঙ্গে বজরং দলের নগর সভাপতি হরি শিলের দাবি, বিষয়টি নিয়ে আগেই পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছিল।

প্রশাসনের অনুমতি পাওয়ার পরই এদিন ছবিগুলি খুলে ফেলার কাজ করা হয়। তাঁর অভিযোগ, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন জায়গায় কোনও ধর্মীয় ছবি রাখা উচিত নয়। তাই ভবিষ্যতে যাতে এই ধরনের এইভাবে যেখানে সেখানে ছবি লাগানোর ঘটনা না ঘটে, সেইদিকে নজর রাখার দাবিও জানিয়েছেন বজরং দলের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *