আসানসোলে ফ্লাইওভারের নিচের রাস্তা বন্ধের রেলের উদ্যোগে ক্ষোভ ডিএম ও ডিআরএমের হস্তক্ষেপ দাবি বাসিন্দাদের
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের জিটি রোডের কুমারপুরে মনোজ সিনেমা হল সংলগ্ন ফ্লাইওভার বা উড়ালপুলের নিচে রেলগেট সংলগ্ন গুরুত্বপূর্ণ সংযোগকারী রাস্তা বন্ধ করার উদ্যোগকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। রবিবার সকালে রেল কর্তৃপক্ষ ঐ রাস্তা বন্ধের কাজ শুরু করলে বাসিন্দারা তা আপাতত স্থগিত রাখার অনুরোধ জানান। তারা প্রশাসনের কাছে বিষয়টি পুনর্বিবেচনার দাবি তোলেন।গোপালপুরের বাসিন্দা দীপক কুমার সিং বলেন, ফ্লাইওভারের নিচের এই রাস্তা প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান পথ।














দুর্গাপুজোর সময় ফ্লাইওভারের ওপর যানজট তৈরি হলে পুলিশও এই রাস্তা খুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখে। তাঁর দাবি, প্রতিদিন প্রায় ১০ হাজার গাড়ি, রিকশা, ঠেলাগাড়ি, সাইকেল, টোটো এবং অসংখ্য স্কুল ভ্যান এই রাস্তা ব্যবহার করে। এই রাস্তা বন্ধ করে দেওয়া হলে সবাইকে সমস্যার মধ্যে পড়তে হবে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, রাস্তা বন্ধ করার আগে জেলা প্রশাসন বা রেল কর্তৃপক্ষ কোনও নোটিস দেয়নি। এমনকি স্থানীয়দের সঙ্গে কোন বৈঠকও করা হয়নি।
তাঁদের প্রশ্ন, যদি রাস্তা বন্ধ করার কোনও যুক্তি সঙ্গত কারণ থাকে, তবে তা প্রকাশ্যে জানানো হোক।স্থানীয়দের দাবি, অতীতে একাধিক দুর্ঘটনার সময় ফ্লাইওভার অবরুদ্ধ হয়ে গেলে এই নিচের রাস্তা ব্যবহার করেই যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এছাড়াও এলাকায় অতীতে অপরাধমূলক ঘটনাও ঘটেছে। তাই রাস্তা বন্ধ হয়ে গেলে রাতের পুলিশ টহল ব্যাহত হওয়ার পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ার আশঙ্কাও প্রকাশ করেছেন তাঁরা।
বাসিন্দারা এর পাশাপাশি জানিয়েছেন, তাঁরা কোনও সংঘাতে যেতে চান না। তাঁদের একমাত্র দাবি, জেলাশাসক (ডিএম) ও ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) স্থানীয়দের সঙ্গে আলোচনায় বসে রাস্তা বন্ধের কারণ ব্যাখ্যা করুন। আলোচনা না হওয়া পর্যন্ত রাস্তা বন্ধের কাজ স্থগিত রাখার আবেদন জানিয়েছেন তাঁরা। পাশাপাশি বিষয়টি স্থানীয় বিধায়কের নজরেও আনা হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।এই নিয়ে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও পূর্ব রেলের আসানসোল ডিভিশনের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

