“আগে ৫০০, এখন ২০০” — ট্রাক থেকে প্রকাশ্যে তোলাবাজির ভিডিও ভাইরাল, অস্বস্তিতে রাজনৈতিক মহল
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া, পশ্চিম বর্ধমান:দিন-দুপুরে ট্রাক দাঁড় করিয়ে টাকা আদায়! আর সেই দৃশ্যই এবার ক্যামেরাবন্দি হয়ে ভাইরাল। ভিডিও প্রকাশ্যে আসতেই শিল্পাঞ্চল জামুড়িয়ায় তীব্র চাঞ্চল্য, আর প্রশ্নের মুখে পড়েছে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি।














ভিডিওতে যা দেখা যাচ্ছে
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির ঘটনাস্থল জামুড়িয়া বিধানসভার মদনতোড় পঞ্চায়েত সংলগ্ন রাস্তা, যা চুরুলিয়া ফাঁড়ির অন্তর্গত।ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি একটি বালির ট্রাক থামিয়ে প্রকাশ্যে টাকা চাইছেন। তাঁর বক্তব্য, “আমাদের মদনতোড় পঞ্চায়েতে কিছু নেই। আগে ওভারলোড গাড়ি চললে ৫০০ টাকা নিয়ে ছেড়ে দিতাম। এখন স্টক থেকে আন্ডারলোড গাড়ি যাচ্ছে, তাই ২০০ টাকা করে নিচ্ছি।”
কার বিরুদ্ধে অভিযোগ?
সূত্রের খবর, ভিডিওতে থাকা ওই ব্যক্তির নাম রাকেশ মাজি। তিনি জামুড়িয়া বিধানসভার জামুড়িয়া মন্ডল ১-এর বিজেপির শক্তি কেন্দ্র প্রমুখ।ভিডিও ভাইরাল হওয়ার পরেই খনি-শিল্পাঞ্চলের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিরোধীরা প্রশ্ন তুলেছেন, প্রকাশ্যে এভাবে তোলাবাজি চললে প্রশাসন কী করছে?
পুলিশ কী বলছে?
ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে জামুড়িয়া থানার পুলিশ। প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।
এই ভিডিও ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে। তাঁদের প্রশ্ন, রাস্তায় প্রকাশ্যে এভাবে টাকা তোলা হলে সাধারণ ব্যবসা-বাণিজ্য কীভাবে চলবে?


