আসানসোল পুরনিগমের ২৯ নং ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্রের নির্মাণের সূচনায় বিধায়ক
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের ২৯ নম্বর ওয়ার্ডে রেলপারের ধাদকা রোডের গোহাল এলাকায় একটি নতুন স্বাস্থ্যকেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়। সোমবার সকালে এই অনুষ্ঠানে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় নারকেল ফাটিয়ে এই কাজের উদ্বোধন করেন। এর পাশাপাশি পুজোরও আয়োজন করা হয়েছিলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৯ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর গৌরব গুপ্ত, বাপি সাহা, বান্টি সিং, রাজেশ খেমকা, কিশোর কুশওয়াহা, অখিলেশ সিং, প্রদীপ সিং, দীপক গুপ্ত, চিকিৎসক, শিক্ষক, পড়ুয়া সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ও কর্মচারীরা।এই প্রসঙ্গে বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন , এলাকার মানুষকে উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের জন্য এই স্বাস্থ্যকেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে।














এখানে চিকিৎসকদের পাশাপাশি একটি কমিউনিটি সেন্টার, একটি অ্যাম্বুলেন্স এবং একটি এক্স-রে মেশিনও থাকবে।তিনি আরো বলেন , ধাদকা রোড থেকে ১৯ নং জাতীয় সড়কের সঙ্গে সংযোগকারী রাস্তাটি প্রশস্ত করা হবে। তার মতে, এই রাস্তাটি আসানসোল শহর এবং আসানসোল রেল স্টেশনের মধ্যে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ পথ। যেহেতু আসানসোল রেল স্টেশনকে বিশ্বমানের সুবিধা সহ একটি আধুনিক স্টেশন হিসেবে গড়ে তোলা হচ্ছে, তাই এই অঞ্চলের জন্য এই রাস্তাটির সম্প্রসারণ ও উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

