Friday, September 11, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Friday, September 11, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

আসানসোল রাইফেল ক্লাবে ৫৮তম রাজ্য শুটিং চ্যাম্পিয়নশিপ ২০২৬ র উদ্বোধন, একই মঞ্চে সাংসদ, মন্ত্রী ও বিধায়ক

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল রাইফেল ক্লাব সোমবার শুরু হল ৫৮তম পশ্চিমবঙ্গ রাজ্য শুটিং চ্যাম্পিয়নশিপ ২০২৬। আসানসোল রাইফেল ক্লাব ও ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা ৩ আগস্ট সোমবার থেকে শুরু হয়ে আগামী ৯ আগস্ট পর্যন্ত চলবে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এক হাজারেরও বেশি প্রতিভাবান শুটার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।সোমবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা, রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী ডা. অজয় কুমার পোদ্দার এবং আসানসোল উত্তর কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল, এই তিনজনই নিজ হাতে রাইফেল তুলে লক্ষ্যভেদ করে প্রতিযোগীদের উৎসাহিত করেন।এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে খেলাধুলার মাধ্যমে ঐক্যের বার্তাও উঠে আসে। তৃণমূল কংগ্রেসের সাংসদ শত্রুঘ্ন সিনহা এবং বিজেপির মন্ত্রী ডা. অজয় কুমার পোদ্দার ও বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় একই মঞ্চে উপস্থিত থেকে খেলাকে রাজনীতির ঊর্ধ্বে রাখার আহ্বান জানান এবং প্রতিযোগীদের সাফল্য কামনা করেন।

এবারে এই প্রতিযোগিতার আয়োজন আরো তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই বছর আসানসোল রাইফেল ক্লাবের প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উদযাপন করা হচ্ছে। ১৯৫১ সালে প্রতিষ্ঠিত এই ক্লাব থেকে বহু জাতীয় ও আন্তর্জাতিক মানের শুটার উঠে এসেছেন। উদ্যোক্তাদের বক্তব্য, আগামী দিনেও এই ক্লাব নতুন প্রজন্মের শুটারদের অনুপ্রেরণা জোগাবে।

ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশনের সভাপতি পাপ্পু ওরফে ভি. কে. ঢল বলেন, প্রতিযোগিতায় ১০ মিটার এয়ার রাইফেল, ১০ মিটার এয়ার পিস্তল, ৫০ মিটার প্রোন, ৫০ মিটার থ্রি পজিশন (৩পি) এবং ২৫ মিটার পিস্তল-সহ সব গুরুত্বপূর্ণ ইভেন্ট অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, প্রতিযোগীদের জন্য আন্তর্জাতিক মানের আধুনিক শুটিং রেঞ্জ ও প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অশোক চট্টোপাধ্যায়, অনুপম পাণ্ডে, পবন গুটগুটিয়া, বিজয় শর্মা, জগদীশ বাগড়ি, শ্যামল সিনহা দয়াপ্রভু মহারাজ সহ ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে ক্রীড়াপ্রেমী ও দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, আসানসোল ধীরে ধীরে ক্রীড়ার অন্যতম কেন্দ্র হয়ে উঠছে।

এখানকার খেলোয়াড়রা ভবিষ্যতে রাজ্য ও দেশের নাম উজ্জ্বল করবে।মন্ত্রী ডাঃ অজয় কুমার পোদ্দার বলেন, খেলাই প্রকৃত ঐক্যের প্রতীক, আজকের এই মঞ্চ সেই বার্তাই দিচ্ছে।আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা প্রতিযোগীদের উদ্দেশে বলেন, শুধু টার্গেট নয়, নিজের স্বপ্নকেও লক্ষ্য করে এগিয়ে যেতে হবে। এর মধ্যে দিয়ে রাজ্য তথা দেশের নাম উজ্জ্বল করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *