আসানসোলের পরিকাঠামো উন্নয়নে দ্রুত পদক্ষেপের আর্জি, পুর কমিশনারকে ৬ দফা দাবি পেশ ফসবেকির
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের সার্বিক পরিকাঠামো উন্নয়ন ও শিল্প-বাণিজ্যের প্রসারের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ দাবি জানিয়ে আসানসোল পুরনিগমের পুর কমিশনার দিলীপ মিশ্রর কাছে শুক্রবার ৬ দফা দাবির একটি স্মারকলিপি জমা দিল দক্ষিণবঙ্গের অন্যতম বনিকসভা ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা ফসবেকি। ছিলেন ফসবেকির সভাপতি শচীন রায়, আরপি খৈতান ও বিনোদ গুপ্তা। এদিন বনিকসভার দেওয়া স্মারকলিপিতে শহরের যানজট নিরসন, বিমানবন্দর চালু, পার্কিং ব্যবস্থা, আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ সহ মোট ছয়টি গুরুত্বপূর্ণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের আবেদন জানানো হয়েছে।














স্মারকলিপিতে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আসানসোলের উষাগ্রাম থেকে পোলো গ্রাউন্ড পর্যন্ত জিটি রোডে ফ্লাইওভার নির্মাণ করা হোক। যাতে দীর্ঘদিনের যানজট সমস্যা কমে এবং যান চলাচল আরও নিরাপদ ও স্বাভাবিক হয়।আসানসোল বাসস্ট্যান্ড সংলগ্ন বহুতল পার্কিং প্লাজা নির্মাণ করে শহরের ক্রমবর্ধমান পার্কিং সংকট দূর করা।রানিগঞ্জ নেতাজি মূর্তির কাছে পিডব্লিউডি পার্কিং সাধারণ মানুষের জন্য দ্রুত চালু করা এবং প্রয়োজন অনুযায়ী এর পরিকাঠামো সম্প্রসারণ করা হোক।দীর্ঘদিন ধরে আটকে থাকা বার্নপুর বিমানবন্দর চালু করতে প্রশাসনের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
স্থানীয় সমস্যার সমাধান, প্রয়োজনীয় গাছ কাটার অনুমোদন এবং সংশ্লিষ্ট সব ছাড়পত্র দ্রুত সম্পন্ন করার আবেদনও জানানো হয়েছে।অসমাপ্ত হাইওয়ে সার্ভিস রোডের কাজ দ্রুত শেষ করে সড়ক নিরাপত্তা ও যান চলাচল আরও সহজ করার দাবি জানানো হয়েছে।এর পাশাপাশি পাশাপাশি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের দাবি তুলে বলা হয়েছে, এমন একটি আধুনিক ক্রীড়া পরিকাঠামো গড়ে উঠলে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতা আয়োজন করা যাবে। পাশাপাশি যুবসমাজের প্রতিভা বিকাশ, কর্মসংস্থান এবং ক্রীড়া পর্যটনেরও প্রসার ঘটবে।
স্মারকলিপিতে ফসবেকির পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে আসানসোলের পরিকল্পিত ও টেকসই নগর উন্নয়ন ত্বরান্বিত হবে এবং শিল্প, বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে। বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য প্রশাসনের সঙ্গে বৈঠকেরও ইচ্ছা প্রকাশ করা হয়েছে ।এই প্রসঙ্গে, শচীন রায় বলেন, আসানসোল পুরনিগম এলাকার সার্বিক পরিকাঠামো পরিকল্পনা করে তৈরি করা হোক। যাতে তার থেকে সবাই উপকৃত হতে পারেন।


