ASANSOL

পান্ডবেশ্বর ট্রাফিক গার্ড পুলিশের টোটো ও অটো চালকদের নিয়ে সচেতনতা কর্মসূচি

*বেঙ্গল মিরর, পান্ডবেশ্বর, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্য পরিবহন দপ্তরের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ কর্মসূচির পঞ্চম দিন শুক্রবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পাণ্ডবেশ্বর ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে পাণ্ডবেশ্বরের ফুলবাগান মোড়ে টোটো ও অটো চালকদের নিয়ে এক সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। ছিলেন পান্ডবেশ্বর ট্রাফিক গার্ড পুলিশ আধিকারিকরা। প্রসঙ্গতঃ পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরের উদ্যোগে আয়োজিত ” পথ নিরাপত্তা সপ্তাহ ২০২৬” গত ৩ আগস্ট থেকে শুরু হয়েছে। তা চলবে আগামী ৯ আগস্ট পর্যন্ত। শুক্রবার ছিল এই কর্মসূচির পঞ্চম দিন। গত কয়েক দিনে পাণ্ডবেশ্বর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে পথ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নানান কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

কর্মসূচির চতুর্থ দিনে অর্থাৎ বৃহস্পতিবার পান্ডবেশ্বরের ডালুরবাঁধ কোলিয়ারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল পড়ুয়াদের নিয়ে একটি কুইজ কম্পিটিশনের আয়োজন করা হয়েছিল। যেখানে পথ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নানান প্রশ্ন ছিল। সেই প্রশ্নের উত্তর ঠিক দিতে পারায় পড়ুয়াদের হাতে তুলে দেওয়া একটি করে কলম। শুক্রবার পাণ্ডবেশ্বরের ফুলবাগান মোড়ে সমস্ত টোটো ও অটো চালকদের নিয়ে একটি সচেতনতা কর্মসূচির আয়োজন করে পাণ্ডবেশ্বর ট্রাফিক গার্ড পুলিশ ।

এদিন টোটো ও অটো চালকদের উদ্দেশ্যে ট্রাফিকের আধিকারিকরা বার্তা দেন যে , স্কুল ছাত্র-ছাত্রীদের পুলকার হিসেবে ব্যবহার করা যাবে না টোটো ও অটোকে । তাছাড়াও জাতীয় সড়কে টোটো চালানো যাবেনা। এমনকি এও বলা হয় যে টোটো এবং অটো তিন চাকা গাড়ি। তাই এইসব গাড়ির ব্যালেন্সটা খুব কম, চালকের সামান্য অসাবধানতাতেই ঘটতে পারে দুর্ঘটনা।

তাই যাত্রী চাপিয়ে টোটো বা অটো নিয়ে রাফ ড্রাইভিং না করার নির্দেশ দেওয়া হয় চালকদের।পথ নিরাপত্তা সংক্রান্ত বিষয়কে সামনে রেখে পান্ডবেশ্বর ট্রাফিক গার্ডের এমন কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষজনেরা । অন্যদিকে, ট্রাফিক গার্ডের পক্ষ থেকেও জানানো হয় আগামী দিনে এলাকায় একটা সুষ্ঠু পরিবহন ব্যবস্থা গড়ে তোলার জন্য ও পথ চলতি মানুষের স্বার্থে এমন সচেতনতা কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *