ASANSOL

নিষিদ্ধ কাফ সিরাপ পাচারে দোষী সাব্যস্তর ১০ বছর সশ্রম কারাদণ্ড আসানসোল এনডিপিএস বিশেষ আদালতে সাজা ঘোষণা

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* নিষিদ্ধ কাফ সিরাপ ফেনসিডিল পাচারে ধৃত দোষী সাব্যস্ত পাচারকারীর সাজা ঘোষণা সোমবার করলেন পশ্চিম বর্ধমানের আসানসোলের এনডিপিএস বিশেষ আদালতের বিচারক তথা অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (৩য় আদালত)। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বুদবুদ থানার মামলা নং ১২৩/২০২৩ (তারিখ: ০১.১১.২০২৩)-এর প্রেক্ষিতে এবং এনডিপিএস আইনের ২১(সি)/২৫ ধারার অধীনে অভিযুক্ত বাপ্পা মণ্ডলের বিরুদ্ধে সাজা ঘোষণা করেছেন বিচারক।এনডিপিএস আইনের ২১(সি) ধারার অধীনে দোষী সাব্যস্ত ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। সেই জরিমানা অনাদায়ে তাকে অতিরিক্ত ৬ মাস কারাদণ্ড ভোগ করতে হবে)।

বিপুল পরিমাণ ফেনসিডিল (কোডিন ফসফেট) উদ্ধারের ঘটনায় এই মামলাটি দায়ের করা হয়েছিল। প্রথমে এসআই নির্মল হাঁসদা এবং পরবর্তীতে এসআই হেমন্ত দত্ত এই মামলার তদন্ত করেছিলেন।পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৩ সালে ১ নভেম্বর বুদবুদ থানার পুলিশ বুদবুদ বাইপাসে একটি একটি ট্রাক আটক করে। ঝাড়খন্ড থেকে আসা ঐ ট্রাকে ১ লক্ষ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ফেনসিডিল ছিলো।

ট্রাক চালক বাপ্পা মন্ডলকে পুলিশ জেরা করে জানতে পারে, ঝাড়খণ্ড থেকে নিয়ে আসা এই সিরাপ নদীয়া নিয়ে যাওয়া হচ্ছিলো। পরবর্তী সময়ে তা বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিলো। পুলিশের জেরায় ধৃত জানায়নি যে, এই নিষিদ্ধ কাফ সিরাপ ফেনসিডিল তাকে কে দিয়েছিলো, ও কাকে তার তা দেওয়ার কথা ছিলো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *