ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

সালানপুরে ট্রাকের ধাক্কায় আহত বৃদ্ধ, রাস্তা অবরোধ, বিক্ষোভ এলাকার বাসিন্দাদের

*বেঙ্গল মিরর, সালানপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের সালানপুর থানার চিত্তরঞ্জন-আসানসোল রোডের ব্যস্ততম দেন্দুয়া মোড়ে শনিবার ঘটলো এক পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রিত হারানো বেপরোয়া ট্রাকের ধাক্কায় আহত হলেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধ পথচারী। এই ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তারা শুরু করেন রাস্তা অবরোধ। যার জেরে সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল।স্থানীয় সূত্রে জানা গেছে, আহত ব্যক্তির নাম করুণাময় দে (৭০)। তিনি দেন্দুয়ার বাসিন্দা। শনিবার ডাবর মোড়ের দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক দেন্দুয়া মোড়ে কল্যাণেশ্বরীর দিকে ডানদিকে মোড় নেওয়ার সময় রাস্তা পার হতে যাওয়া ঐ বৃদ্ধকে ধাক্কা মারে।

ট্রাকটির সামনের চাকা সরাসরি ঐ বৃদ্ধের শরীরের ওপর দিয়ে চলে যায়। এর ফলে তাঁর কোমর থেকে ডান পায়ের পাতা পর্যন্ত অংশ মারাত্মকভাবে জখম হয় ও থেঁতলে যায়। দেন্দুয়া মোড়ের মতো গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে । শুধু তাই নয়, এই ঘটনার পরে আশঙ্কাজনক অবস্থায় আহত বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোন পুলিশের গাড়ি বা অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি বলে ক্ষোভ প্রকাশ করেন প্রত্যক্ষদর্শীরা।

পরে একটি ইসিএলের গাড়িতে করে তাঁকে দ্রুত আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় সালানপুর থানার পুলিশ। ট্রাকটিকে আটকে রেখে চলে বিক্ষোভ। ঘন্টা খানেক অবরোধ চলার পর সালানপুর থানার পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের তরফে, আর্থিক সহায়তাও করা হয় বলে জানা যায়।

এলাকার বাসিন্দারা বলেন পুলিশ তাদের সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছে বলে তারা অবরোধ তুলে নেন। তবে তারা আরো বলেন এই দুর্ঘটনার মূল কারণ দেন্দুয়া মোড়ে প্রচুর জ্যাম, তার উপরে ইসিএলের পরিবহন যানবাহন গুলি রাস্তায় দাঁড়িয়ে থাকে। আগে ” নো এন্ট্রি” ছিলো।কিন্তু গত তিন মাস ধরে সেই ” নো এন্ট্রি ” ইসিএল তুলে নিয়েছে। যার জেরে প্রায় দুর্ঘটনা ঘটছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *