বেসরকারি কয়লাখনিতে বিজেপির পতাকা নিয়ে বিক্ষোভ
বেঙ্গল মিরর, জামুড়িয়া, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ* দূষণ, ওভারলোড কয়লাবাহী গাড়ির দাপট এবং স্থানীয়দের কর্মসংস্থানের দাবিকে সামনে রেখে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুড়িয়ার চুরুলিয়ায় বেসরকারি তারা কোল মাইনের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হলেন বিজেপি কর্মী ও এলাকার সাধারণ মানুষেরা। শনিবার এই বেসরকারি কয়লাখনির গেটের সামনে বিজেপির পতাকা লাগিয়ে বিক্ষোভ দেখানো হয়।বিক্ষোভকারীদের অভিযোগ, বেসরকারি এই কয়লাখনির বিভিন্ন কার্যকলাপের কারণে দীর্ঘদিন ধরেই সমস্যায় পড়েছেন এলাকার মানুষ। খনি থেকে বেরিয়ে আসা দূষিত জল অজয় নদীতে গিয়ে পড়ছে।














এর ফলে অজয় নদীর জল দূষিত হওয়ার পাশাপাশি আশপাশের একাধিক গ্রামের জলও দূষিত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। বিষয়টি নিয়ে বারবার কোলিয়ারি কর্তৃপক্ষকে জানানো হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাঁদের।এলাকাবাসীদের আরও অভিযোগ, প্রতিদিন বিপুল সংখ্যায় ভারী ও ওভারলোড কয়লাবাহী গাড়ি চলাচল করছে গ্রামের রাস্তা দিয়ে। এর ফলে রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে।
পাশাপাশি ভারী যানবাহনের দাপটে সাধারণ মানুষের যাতায়াতেও চরম সমস্যা তৈরি হচ্ছে। দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে বলে দাবি স্থানীয়দের।শুধু দূষণ ও রাস্তার সমস্যা নয়, স্থানীয় গরীব ও বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ না দেওয়ার অভিযোগও উঠেছে কয়লাখনি কতৃপক্ষের বিরুদ্ধে। বিক্ষোভকারীদের দাবি, এলাকায় কয়লাখনি চললেও স্থানীয় বাসিন্দাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে না।
ফলে, একদিকে কয়লখনি থেকে কয়লা উত্তোলন চলছে, অন্যদিকে এলাকার মানুষকে সমস্যার বোঝা বইতে হচ্ছে।স্থানীয়দের বক্তব্য, দীর্ঘদিন ধরে একাধিকবার দাবি জানানো সত্ত্বেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তাই বাধ্য হয়েই এদিন তাঁরা বিক্ষোভে নামেন। বিক্ষোভ ঘিরে এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।
খবর পেয়ে চুরুলিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। শেষ পর্যন্ত গ্রামবাসীদের সঙ্গে পুলিশ আলোচনা করে পরিস্থিতি সামাল দেয়।এখন দেখার, দীর্ঘদিনের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কয়লাখনি কতৃপক্ষ ও প্রশাসন কি পদক্ষেপ নেয় এবং স্থানীয়দের দাবি কতটা পূরণ হয়।


