হেলমেট ছাড়া বাইক চালালেই ‘যমরাজের’ ডাক! পথনাটিকায় ট্রাফিক সচেতনতা দুর্গাপুরে
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* হেলমেট ছাড়া বাইক চালালেই বিপদ! রাস্তায় অসতর্কভাবে বেরোলেই যে মুহূর্তের মধ্যে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেই বার্তাই এবার অভিনব কায়দায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দিল পুলিশ। শনিবার দুর্গাপুরের মুচিপাড়ায় ১৯ নম্বর জাতীয় সড়কে মুচিপাড়া ট্রাফিক গার্ডের উদ্যোগে পথ নিরাপত্তায় আয়োজন করা হয় পথনাটিকার। পথনাটিকার মাধ্যমে পথচারী, বাইক আরোহী এবং চার চাকার গাড়ির চালকদের ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতন করা হয়। নাটিকায় তুলে ধরা হয় সড়ক দুর্ঘটনার ভয়াবহ পরিণতি এবং সামান্য অসাবধানতা কীভাবে প্রাণহানির কারণ হয়ে উঠতে পারে।














নাটিকার অন্যতম আকর্ষণ ছিল ‘যমরাজ’-র উপস্থিতি। হেলমেট ছাড়া বাইক চালালেই যেন ‘যমরাজের’ সামনে হাজির হতে হবে, এই প্রতীকী বার্তার মাধ্যমে বাইক আরোহীদের হেলমেট পরার গুরুত্ব বোঝানো হয়। শুধু হেলমেট পরাই নয়, গাড়ি চালানোর সময় সিটবেল্ট ব্যবহার, ট্রাফিক সিগন্যাল মেনে চলা, নির্দিষ্ট গতিসীমার মধ্যে গাড়ি চালানো এবং রাস্তায় অযথা ঝুঁকি না নেওয়ার বার্তাও দেওয়া হয় এই পথনাটিকার মাধ্যমে। ছিলেন ট্রাফিক গার্ডের পুলিশ অফিসাররা।


