ASANSOLKULTI-BARAKAR

কুলটির নিষিদ্ধ পল্লীতে ছিনতাই কাণ্ড ধৃত ১, আসানসোল আদালতে পেশ

*বেঙ্গল মিরর, কুলটি ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের কুলটি থানার নিয়ামতপুরের লছিপর দিশা নিষিদ্ধ পল্লী এলাকায় টাকা ছিনতাই এবং গাড়ির চাবি নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় একজনকে গ্রেফতার করলো পুলিশ। অভিযোগ দায়ের হওয়ার পরে তদন্তে নেমে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ বাবর খানকে শনিবার গ্রেফতার করে। রবিবার সকালে ধৃতকে আসানসোল আদালতে পেশ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় আরো কারা জড়িত রয়েছে, তা জানতে ধৃত বাবর খানকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

সেই কারণে তাকে পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আসানসোল আদালতে আবেদন জানিয়েছে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে চারজন ব্যক্তি স্করপিও গাড়িতে করে ঝাড়খণ্ডের রাজরাপ্পা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সেই সময় কয়েকজন যুবক লছিপুর নিষিদ্ধ পল্লী এলাকার কাছে তাঁদের পথ আটকায় বলে অভিযোগ।

এরপর তাঁদেরকে নিষিদ্ধ পল্লী এলাকায় নিয়ে গিয়ে ১০ হাজার টাকা নগদ এবং অনলাইনে আরও ২০ হাজার টাকা আদায় করা হয় বলে অভিযোগ ওঠে। পরে তারা নিয়ামতপুর পুলিশ ফাঁড়িতে যাওয়ার চেষ্টা করলে তাঁদের পিছু ধাওয়া করে স্করপিও গাড়ির চাবি ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ।ঘটনার খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযোগকারীদের উদ্ধার করে। পাশাপাশি একটি মোটরবাইকও বাজেয়াপ্ত করা হয়। এরপর তদন্তে নেমে পুলিশ শনিবার বাবর খানকে গ্রেফতার করে।পুলিশ জানায়, ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা তদন্ত করে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *