রূপনারায়ণপুরে টোটো সার্ভিস সেন্টারে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন, অগ্নিদগ্ধ মালিক ভর্তি হাসপাতালে
*বেঙ্গল মিরর, রুপনারায়নপুর ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের সালানপুর থানার রূপনারায়ণপুরের আমডাঙা মোড়ের কাছে সামডি রোডের পাশে ‘মা অটোমোবাইল’ নামে একটি টোটো সেলস্ ও সার্ভিস সেন্টারে বৃহস্পতিবার দুপুরে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরে সার্ভিস সেন্টারে আগুন লেগে যায়। এই দুর্ঘটনায় দোকানের মালিক সুভাষ পাল গুরুতর ভাবে অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানা যায়। ঘটনার সময় দোকানে উপস্থিত এক টোটো চালক বলেন, আমি সার্ভিসিংয়ের কাজ শেষ করে দোকান থেকে বেরোনোর সাথে সাথেই ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে দোকান মালিক সুভাষ পাল ছিটকে বাইরে এসে পড়েন এবং তাঁর শরীর মারাত্মকভাবে ঝলসে যায়।














এই বিস্ফোরণের পরেই পুরো দোকানে দাউদাউ করে আগুন ধরে যায়। আগুনের তাপে দোকানে থাকা একের পর এক টোটো ব্যাটারি ফাটতে শুরু করায় সমগ্র এলাকায় চরম আতঙ্ক ও হুড়োহুড়ি পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ এগিয়ে এসে আশঙ্কাজনক অবস্থায় সুভাষ পালকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে। তবে তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে ।
ঘটনার খবর পেয়ে রূপনারায়ণপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। চিত্তরঞ্জন ও আসানসোল থেকে দুটি দমকলের ইঞ্জিন নিয়ে এসে বহু চেষ্টার পরে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।পুলিশ ও দমকল জানায়, কি করে দোকানের ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখা হচ্ছে।


