ASANSOL

আসানসোলে কিন্নর সমাজের রাখী বন্ধন উৎসবে বিজেপি বিধায়ক পাশে থাকার অঙ্গীকার, নিরাপত্তার বার্তা

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল রবীন্দ্র ভবনে শুক্রবার রাখী বন্ধন উৎসব উপলক্ষে কিন্নর সমাজের সদস্যদের কাছ থেকে রাখী পড়ে তাঁদের পাশে থাকার বার্তা দিলেন আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। এদিন কিন্নর সমাজের প্রতিনিধিদের থেকে বিধায়কের হাতে রাখী পরে তাদের নিরাপত্তা, সম্মান ও সামাজিক মর্যাদা রক্ষার অঙ্গীকার করেন তিনি।কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, রাখী বন্ধনের মূল তাৎপর্য হল বোনেরা ভাইয়ের হাতে রাখি পরিয়ে ভাইয়ের মঙ্গল কামনা করেন। কোনও অশুভ শক্তি যাতে ভাইয়ের ক্ষতি করতে না পারে, সেই প্রার্থনাই থাকে রাখির মধ্যে।

একইভাবে ভাইয়েরাও বোনেদের নিরাপত্তা, সম্মান ও সুরক্ষার দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করেন। এটাই রাখিবন্ধনের মহত্ত্ব।কিন্নর সমাজের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, তাঁরাও সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাঁদের বাদ দিয়ে কোনও উৎসবের কথা ভাবা যায় না। সমাজের মূল স্রোতে তাঁদের আরও বেশি করে যুক্ত করার পাশাপাশি তাঁদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।এদিনের অনুষ্ঠানে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় অঙ্গীকার করেন, কিন্নর সমাজের মানুষের সুযোগ-সুবিধা, ভালো-মন্দ এবং নিরাপত্তার বিষয়টি তিনি গুরুত্ব দিয়ে দেখবেন।

ভাই হিসেবে তাঁদের পাশে থাকার পাশাপাশি তাঁদের সম্মান ও অধিকার রক্ষায় কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।রাখী বন্ধনের মঞ্চ থেকে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এই বার্তা সামাজিক সম্প্রীতি, সমান মর্যাদা এবং কিন্নর সমাজকে সমাজকে মূলস্রোতে আরও শক্তিশালীভাবে যুক্ত করার বার্তা হিসেবেই উঠে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *