ASANSOLDURGAPUR

দুর্গাপুরের আবাসনে তালা ভেঙে চুরি, নগদ ও সোনা মিলিয়ে ১২ লক্ষ টাকার সামগ্রী উধাও

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়,* দুর্গাপুরঃ দুর্গাপুরের লিংক রোড এলাকায় একটি আবাসনে তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ি থেকে নগদ টাকা ও সোনার গয়না মিলিয়ে প্রায় ১২ লক্ষ টাকার সামগ্রী চুরি হয়েছে বলে পরিবারের তরফে দাবি করা হয়েছে। রবিবার সকালে এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, বাড়ির মালিক রবীন্দ্র কুমার কর্মসূত্রে সিঙ্গাপুরে থাকেন। দীর্ঘদিন ধরে বাড়িটি বন্ধ থাকায় অপরিচ্ছন্ন হয়ে পড়েছিল।

রবিবার সকালে পরিবারের এক সদস্য বাড়িটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য সেখানে আসেন। বাড়িতে পৌঁছে তিনি দেখেন, দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে। এরপর বাড়ির ভিতরে ঢুকতেই নজরে আসে আলমারি ও লকার ভাঙা। পরিবারের সদস্যদের দাবি, আলমারিতে থাকা নগদ টাকা এবং সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।

সব মিলিয়ে চুরি যাওয়া সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ১২ লক্ষ টাকা। ঘটনার খবর দেওয়া হয় দুর্গাপুর থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কিভাবে চোরেরা আবাসনে ঢুকল, কতদিন আগে চুরি হয়েছে এবং এই ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।এই ঘটনার পরে এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *