৪৩ থেকে বেড়ে ৫৩ ওয়ার্ড, নতুন চেহারায় দুর্গাপুর নগর নিগম
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুর নগর নিগমে বাড়তে চলেছে ওয়ার্ডের সংখ্যা। ৪৩টি ওয়ার্ড থেকে এবার তা বেড়ে হচ্ছে ৫৩টি। এ নিয়ে ৩১ আগস্ট রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের পক্ষ থেকে নতুন নির্দেশিকা বা বিঞ্জপ্তি জারি করা হয়েছে।সেই সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপুর নগর নিগমের এলাকায় নতুন করে ওয়ার্ড বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনসংখ্যা, জনঘনত্ব, ভৌগোলিক পরিস্থিতি, এলাকার ঐতিহাসিক গুরুত্ব এবং আর্থিক বিষয়ের মতো একাধিক দিক বিবেচনা করেই নতুন ওয়ার্ড সংখ্যা নির্ধারণ করা হয়েছে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।৪৩টি থেকে এক ধাক্কায় ১০টি ওয়ার্ড বাড়ায় স্বাভাবিকভাবেই দুর্গাপুরের পুর-প্রশাসনিক পরিকাঠামোতে বড় পরিবর্তন আসতে চলেছে।














নতুন ওয়ার্ড গঠনের ফলে কোন কোন এলাকা কোন ওয়ার্ডের অন্তর্ভুক্ত হবে, সীমানা কীভাবে নির্ধারিত হবে এবং ভবিষ্যতে পুর পরিষেবা ও রাজনৈতিক সমীকরণে তার কী প্রভাব পড়বে—তা নিয়েও ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা।নতুন ওয়ার্ড বিন্যাস কার্যকর হলে দুর্গাপুর নগর নিগমের প্রশাসনিক কাঠামো আরও বিস্তৃত হবে। পাশাপাশি, নতুন ওয়ার্ডগুলিতে পুর পরিষেবা পৌঁছে দেওয়া, নাগরিক পরিকাঠামো উন্নয়ন এবং প্রতিনিধিত্বের ক্ষেত্রেও নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গতঃ, দুর্গাপুর নগর নিগমের মধ্যে রয়েছে দুটি বিধানসভা। সেগুলো হলো দুর্গাপুর পশ্চিম ও দুর্গাপুর পূর্ব। এর আগের বিধানসভা নির্বাচনে একটি ছিলো তৃণমূল কংগ্রেসের। আর একটি ছিলো বিজেপির দখলে। ২৬ র ভোটে দুটি বিধানসভা দখল করে বিজেপি।প্রশাসন সূত্রে জানা গেছে, এবার যে ১০ টি ওয়ার্ড বাড়ছে তাতে দুর্গাপুর পূর্বে রয়েছে ৪ টি। বাকি ছয়টি বাড়বে দুর্গাপুর পশ্চিমে। উল্লেখ্য, ২০১৭ সালের ১৩ আগষ্ট দুর্গাপুর নগর নিগমে শেষবার ভোট হয়েছিলো।
২০২২ সালে সেই বোর্ডের মেয়াদ শেষ হয়। কিন্তু তৎকালীন তৃণমূল কংগ্রেসের সরকার আর ভোট করায়নি। প্রশাসক মন্ডলীর করে বোর্ড পরিচালনা করা হচ্ছিলো। তার মাথায় ছিলেন অনিন্দিতা মুখোপাধ্যায়। বিজেপির সরকার আসার পরে, তা ভেঙে দেওয়া হয়েছে। এখন সরকারের তরফে প্রশাসক বসানো হয়েছে।
বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই দুর্গাপুর নগর নিগমের ভোট করানোর দাবি উঠেছে। সরকারের তরফে ওয়ার্ড বাড়ানো নির্দেশিকা জারি হওয়ায় মনে করা হচ্ছে, পুর ভোটের দিকে আরো একধাপ এগোলো দুর্গাপুর নগর নিগম। ওয়ার্ড বিন্যাসকে স্বাগত জানিয়েছে সব রাজনৈতিক দল।

