ইসিএলের ট্রান্সফরমারে আগুন, বিদ্যুৎহীন আসানসোল পুরনিগমের একটি ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* ইসিএলের ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ল আসানসোল পুরনিগমের ৩ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা। শনিবার সকালে এই ঘটনায় পরিহারপুর, বাঁকশিমুলিয়া, ১০ নম্বর সহ আশপাশের একাধিক এলাকার বাসিন্দারা সমস্যায় পড়েন।স্থানীয় সূত্রে জানা গেছে, ইসিএলের ঐ ট্রান্সফরমার থেকেই ওই এলাকাগুলিতে ইসিএলের পক্ষ থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এলাকায় রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার কোনও পরিষেবা না থাকায় বাসিন্দাদের সম্পূর্ণভাবে ইসিএলের বিদ্যুৎ সরবরাহের উপর নির্ভর করতে হয়।এদিন সকালে ট্রান্সফরমারে আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায়।














খবর পেয়ে আসানসোল দমকল বিভাগের কর্মীরা দমকলের ইঞ্জিন নিয়ে এলাকায় আসেন। তারা আগুন নেভানোর কাজে হাত লাগান। এই আগুন লাগার ফলে বিস্তীর্ণ এলাকা অন্ধকারে ডুবে যায়। বিদ্যুৎ না থাকায় দৈনন্দিন কাজকর্মেও ব্যাঘাত ঘটে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ইসিএলের আধিকারিকরা।

ট্রান্সফরমারটি পরীক্ষা করে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি দ্রুত পরিষেবা স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে। তবে কখন সম্পূর্ণভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে, তা নিয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি ইসিএলের তরফে।তবে বিদ্যুৎ পরিষেবা দ্রুত স্বাভাবিক করার দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।


