ASANSOL

আসানসোলে স্কুল চত্বরে গ্যাস সিলিন্ডারের অবৈধ গোডাউন! সিল পুলিশের

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত রাখার অভিযোগ। ঘনবসতিপূর্ণ এলাকার একটি বেসরকারি স্কুল চত্বরে গোডাউন তৈরি করে বিপুল সংখ্যক গ্যাস সিলিন্ডার মজুত রাখার অভিযোগ পেয়ে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, পুলিশ ও দমকল বিভাগ। অভিযানের পরে আসানসোল উত্তর থানার পুলিশের তরফে গোডাউনটি সিল করে দেওয়া হয়েছে।শনিবার আসানসোল উত্তর বিধানসভার রেলপার বাবুয়াতলা এলাকায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত রাখার খবর পেয়ে যৌথভাবে অভিযান চালানো হয়।

অভিযানে গোডাউনের ভিতর থেকে বিপুল সংখ্যায় ভর্তি ও খালি গ্যাস সিলিন্ডার উদ্ধার হয় বলে জানা গেছে।তদন্তকারী অফিসারদের প্রাথমিক দাবি, ঘনবসতিপূর্ণ এলাকার ওই জায়গায় এভাবে গ্যাস সিলিন্ডার মজুত রাখার জন্য প্রয়োজনীয় বৈধ অনুমতি ও পরিকাঠামো ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে একটি বেসরকারি স্কুল চত্বরে কিভাবে এই ধরনের গোডাউন চলছিলো , তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এই অভিযানে গোডাউনে ২০০-র বেশি গ্যাস সিলিন্ডার মজুত থাকার তথ্য সামনে এসেছে। এর মধ্যে ৬১টি সিলিন্ডারে গ্যাস ভর্তি ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঘনবসতিপূর্ণ এলাকায় এত বিপুল পরিমাণ দাহ্য গ্যাস মজুত থাকায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।অভিযানের পরে গোডাউনটি সিল করে দেয় পুলিশ।

মজুত সিলিন্ডারগুলির বৈধতা, গ্যাস সংরক্ষণের অনুমতি, গোডাউন চালানোর নথিপত্র এবং সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। কিভাবে ঐ এলাকায় এতদিন ধরে এই বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার মজুত রাখা হচ্ছিল এবং এর পিছনে কারা রয়েছে, তা তদন্তের পরই স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *