ASANSOLPANDESWAR-ANDAL

অন্ডালে ইসিএলের জমিতে ধসের সঙ্গে আগুন ও ধোঁয়া, গ্রামে আতঙ্ক

*বেঙ্গল মিরর, অন্ডাল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার অন্ডালে ইসিএলের জমিতে ধসের সঙ্গে আগুন ও ধোঁয়া বার হওয়ার ঘটনায় ধান্ডাডিহি গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। গ্রামবাসীদের দাবি, গত তিন দিন ধরে গ্রামের একটি অংশের মাটি থেকে ক্রমাগত আগুন ও ধোঁয়া বেরোচ্ছে। সময় যত গড়াচ্ছে, পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে বলে অভিযোগ। ফলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।গ্রামবাসীদের অভিযোগ, ঘটনার পরে তিন দিন কেটে গেলেও ইসিএলের আধিকারিকরা এখনও পর্যন্ত ঘটনাস্থলে পরিদর্শনে আসেননি।

তাঁদের বক্তব্য, মাটি ধসে যাওয়ার পাশাপাশি আগুন ও ধোঁয়া বের হওয়া অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির ইঙ্গিত। তাই সময় থাকতেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।স্থানীয় বাসিন্দারা বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় ধোঁয়া ও আগুনের মাত্রা ক্রমশ বাড়ছে। এর ফলে আশপাশের বাড়িতে বসবাসকারী পরিবারগুলির মধ্যে নিজেদের বাড়িঘর ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে এই ঘটনা বড় দুর্ঘটনার রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।

গ্রামবাসীরা ইসিএলের কর্তৃপক্ষের কাছে অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখা, বিপজ্জনক এলাকাটি ঘিরে দেওয়া এবং বিশেষজ্ঞদের সাহায্যে মাটির নীচের পরিস্থিতি পরীক্ষা করার দাবি জানিয়েছেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আবেদন জানানো হয়েছে।

গ্রামবাসীদের প্রশ্ন, যখন মাটি থেকে লাগাতার আগুন ও ধোঁয়া বেরোচ্ছে, তখন বড় কোনও দুর্ঘটনা না হওয়া পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে কেন? দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।গোটা বিষয়টি নিয়ে ইসিএলের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *