ASANSOL

ইসিএলের সালানপুর এরিয়ায় মজুরি বৃদ্ধি ও শ্রমিক অত্যাচারের অভিযোগ বাউরি সমাজের বিক্ষোভ,স্মারকলিপি

*বেঙ্গল মিরর, সালানপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* ইসিএলের সালানপুর এরিয়ার ইটাপাড়ায় ‘আর কে গ্রীন মাইনিং’ নামক ঠিকাদার সংস্থার খোলামুখ কয়লা খনিতে বুধবার সকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পশ্চিমবঙ্গ বাউরি সমাজের নেতা সুমন্ত বাউরির নির্দেশে সমাজসেবী বিশ্বজিৎ বাউরির নেতৃত্বে শ্রমিকরা বকেয়া ও ন্যায্য মজুরির দাবিতে খনি চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন।বিক্ষোভকারীদের প্রধান দাবি, সরকার কর্তৃক নির্ধারিত ন্যূনতম মজুরি অবিলম্বে সমস্ত শ্রমিকদের জন্য কার্যকর করতে হবে।

আন্দোলনকারী নেতৃত্বের অভিযোগ, বেশ কিছু সুবিধাভোগী ও প্রভাবশালী নেতা যৌথভাবে তফশিলি জাতি ও উপজাতি (এসসি/এসটি) সম্প্রদায়ের শ্রমিকদের ওপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাচ্ছে। বেছে বেছে এই সম্প্রদায়ের শ্রমিকদের কাজ থেকে বসিয়ে দেওয়া এবং মারধরের হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগও তোলা হয়েছে।

নিজেদের দাবি আনুষ্ঠানিকভাবে জানাতে বাউরি সমাজের পক্ষ থেকে সুপারভাইজার দিলীপ গুপ্তার হাতে একটি লিখিত স্মারকলিপি তুলে দেওয়া হয়।বাউরি সমাজের নেতা বিশ্বজিৎ বাউরি ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, পূর্ববর্তী সরকারের আমলেও এই অঞ্চলে গুন্ডারাজ চলতো। আর সরকার পরিবর্তনের পরেও সেই একই সংস্কৃতি বজায় রয়েছে।

যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যেখানে এলাকার বর্তমান বিধায়ক গ্রামে গিয়ে মানুষের পাশে দাঁড়ানোর ও বাড়ি তৈরি করে দেওয়ার আশ্বাস দিচ্ছেন, সেখানে তাঁরই অনুগামী ও প্রভাবশালীরা কিভাবে এসসি-এসটি শ্রমিকদের ওপর অত্যাচার চালায়?তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত শ্রমিকদের ন্যায্য মজুরি কার্যকর করা না হয় এবং তাঁদের ওপর চলা অত্যাচার বন্ধ না হয়, তবে আগামী দিনে এই আন্দোলন আরও বৃহত্তর ও তীব্র আকার ধারণ করবে।এই বিক্ষোভ ও দাবি নিয়ে ঠিকাদার সংস্থা ও খনি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *