ASANSOL

সর্বসম্মতিক্রমে নির্বাচিত জামুড়িয়া পঞ্চায়েতের নতুন প্রধান, সম্বর্ধনা বিজেপি কর্মীদের

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুড়িয়া ব্লকের শ্যামলা গ্রাম পঞ্চায়েতে সর্বসম্মতিক্রমে নতুন প্রধান নির্বাচিত হলেন কালেশ্বরী টুডু । মঙ্গলবার পঞ্চায়েত কার্যালয়ে প্রধান নির্বাচনের জন্য সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় সদস্যদের সর্বসম্মতিতে প্রধান হিসেবে নির্বাচিত করা হয় কালেশ্বরী টুডুকে।প্রসঙ্গত, ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচন থেকে শ্যামলা গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে ছিলো। সেই সময় সকল সদস্যদের ভোটাভুটিতে প্রধান অসিত মন্ডল এবং উপপ্রধান নির্বাচিত হন কালেশ্বরী টুডু। তবে, রাজ্যে বিধানসভা নির্বাচনে ক্ষমতার পালাবদলের কিছুদিনের মধ্যেই শ্যামলা গ্রাম পঞ্চায়েত প্রধানের পদ থেকে পদত্যাগ করেন অসিত মন্ডল। পঞ্চায়েত প্রধানের পদত্যাগের পর থেকেই বেশ কয়েক মাস পঞ্চায়েতে এক প্রকার অচলাবস্থার সৃষ্টি হয়।

বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হতে হয় এলাকার মানুষকে এমনকি পঞ্চায়েতের বিভিন্ন সরকারি কাজও থমকে যায়। এরপরই নতুন প্রধান নির্বাচনের জন্য বিডিওর কাছে আবেদন জানানো হয়৷ সেই মতো মঙ্গলবার পঞ্চায়েত কার্যালয়ের সভার মধ্য দিয়ে সকল সদস্যের সম্মতিতে নতুন প্রধান নির্বাচিত হন। এদিনের নির্বাচনী প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন বিডিও সৌভিক দাস , তাপস কুমার গড়াই সহ অন্যান্য আধিকারিকরা। পাশাপাশি কোনরকম কোন বিশৃঙ্খলা এড়াতে এদিন সকাল থেকেই পুরো পঞ্চায়েত জুড়ে পুলিশের কড়া নিরাপত্তা ছিল।

জানা গেছে , এদিন সভায় উপস্থিত ছিলেন ১৪ জন সদস্য । পঞ্চায়েত সদস্য ধরমজিত বাউরী প্রধান পদে কালেশ্বরী টুডুর নাম প্রস্তাব করেন । তাঁকে সমর্থন করেন কেয়া ঘোষ । দ্বিতীয় কোনও প্রার্থী না থাকায় সর্বসম্মতিক্রমে কালেশ্বরী টুডু প্রধান হিসেবে নির্বাচিত হন।পাশাপাশি এও জানা যায়, যেহেতু কালেশ্বরী টুডু পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন। বর্তমানে সর্বসম্মতিক্রমে তিনি এবার প্রধান হলেন।

তাই আগামী দিনে তিনি উপপ্রধানের পদ থেকে ইস্তফা দেবেন। যে কারণে এই গ্রাম পঞ্চায়েতের নতুন উপপ্রধান নির্বাচিত হবে। নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর এদিন পঞ্চায়েতের বাইরে উপস্থিত শ্যামলা অঞ্চলের বিজেপি কর্মীরা পঞ্চায়েতে এসে নতুন প্রধানকে পুষ্প স্তবক এবং মালা পরিয়ে সম্মাননা জ্ঞাপন করেন । এদিন শ্যামলা গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত প্রধান কালেশ্বরী টুডু বলেন, প্রধানের পদটি খালি থাকায় পঞ্চায়েতের দৈনন্দিন কাজে কিছুটা সমস্যা হচ্ছিল।

তাছাড়াও এলাকার বহু মানুষ বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। আজ সকল সদস্যের সম্মতিতে আমি নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলাম। এলাকার উন্নয়ন এবং সরকারি পরিষেবা সচল রাখতে আমি দায়িত্ব নিয়ে কাজ করবো। যে সমস্ত কাজ বাকি রয়েছে তা আগামী দিনে সম্পন্ন করা হবে সকলের সহযোগিতায় বলে জানান নতুন প্রধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *