ASANSOL

১৯৩ কেজি গাঁজা পাচারে দোষী সাব্যস্ত আসানসোল আদালতে তিনজনের সাজা ঘোষণা বিচারকের

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* তিন বছর আগে ১৯৩ কেজি গাঁজা পাচারের অভিযোগ দোষী সাব্যস্ত তিনজনের সাজা ঘোষণা করলেন আসানসোল আদালতের বিচারক। তিনজনের নাম হলো রুবি পাত্র ওরফে সুস্মিতা প্রধান, বুলু মোহন্ত ও কৃত্তিবাস পাত্র। তিনজনের মধ্যে একজনের ১০ বছর ও বাকি দুজনের ১২ বছর সশ্রম কারাদণ্ড হয়েছে। বুধবার আসানসোলের এনডিপিএস আইনের স্পেশাল কোর্ট কাম অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৩য় আদালত) এই সাজা ঘোষণা করেন।

১৯৮৫ সালের এনডিপিএস আইনের ২০(বি)(২)(সি)/২৫/২৯ নং ধারায় অপরাধ সংঘটিত করার জন্য এই সাজা ঘোষণা করা হয়েছে। বিচারক আসানসোল উত্তর থানার ৩৬৫/২০২৩ নম্বর মামলায় (তারিখ: ০৪.০৯.২০২৩) দোষীদের বিরুদ্ধে সাজা ঘোষণা করেছেন। বিচারক রুবি পাত্র ওরফে সুস্মিতা প্রধানকে ১০ (দশ) বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন। জরিমানা অনাদায়ে আরো ৬ (ছয়) মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।এছাড়াও বুলু মোহন্ত এবং কৃত্তিবাস পাত্রকে ১২ (বারো) বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।

এই দুজনকে এছাড়াও জরিমানা অনাদায়ে আরো ৬ (ছয়) মাসের কারাদণ্ডের নির্দেশ দেন।পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ১৯৩ কেজির বেশি গাঁজা বাজেয়াপ্ত করার ঘটনার ভিত্তিতে এই মামলাটি আসানসোল আদালতে শুরু হয়েছিল। এসআই সুভাষ বন্দ্যোপাধ্যায় প্রথম তদন্তকারী অফিসার বা আইও ছিলেন। পরে এসআই শ্যামল চট্টোপাধ্যায় দ্বিতীয় তদন্তকারী অফিসার বা আইও হিসেবে মামলাটির তদন্ত করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *