কাশফুলের সৌন্দর্যে পাণ্ডবেশ্বরকে পর্যটন হাব করার পরিকল্পনা বিধায়ক জিতেন্দ্র তেওয়ারির
*বেঙ্গল মিরর, পান্ডবেশ্বর, রাজা বন্দোপাধ্যায়ঃ* শরতের কাশফুলের অপরূপ সৌন্দর্যকে কেন্দ্র করে পাণ্ডবেশ্বরকে আগামী দিনে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানালেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি।বিজেপি বিধায়কের দাবি, পশ্চিমবঙ্গের অন্য কোনও বিধানসভা এলাকায় এত বিস্তীর্ণ এলাকা জুড়ে কাশফুলের এমন বাহার দেখা যায় কি না, তা তাঁর জানা নেই। এই প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে পর্যটনকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।জিতেন্দ্র তেওয়ারি বলেন, আগামী ২৭ সেপ্টেম্বর পাণ্ডবেশ্বরে ‘ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কনক্লেভ’ অনুষ্ঠিত হতে চলেছে।













শিল্পপতিদের বিনিয়োগে উৎসাহিত করার পাশাপাশি ওই অনুষ্ঠানে পাণ্ডবেশ্বরকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও তুলে ধরা হবে।তাঁর বক্তব্য, পর্যটকদের জন্য থাকা-খাওয়ার পরিকাঠামো গড়ে উঠলে পরিবার নিয়ে দু’তিন দিন পাণ্ডবেশ্বরে থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন ভ্রমণপিপাসুরা।
ফলে শিল্পের পাশাপাশি পর্যটনও এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন তিনি।আসানসোল ও গোটা রাজ্যবাসীর উদ্দেশ্যে বিধায়ক বলেন, পুজোর মরশুমে কাশফুলের মনোরম বাহার দেখতে চাইলে পাণ্ডবেশ্বরে আসুন। সকাল ৯টা থেকে ১১টার মধ্যেও এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা সম্ভব বলে জানান তিনি। পুজোর আনন্দের পাশাপাশি পাণ্ডবেশ্বরের প্রকৃতির টান উপভোগ করতে সকলকে আমন্ত্রণ জানান বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি।

