ASANSOL-BURNPUR

আসানসোল পুরনিগমের ওভারহেড ওয়াটার রিজার্ভারের শিলান্যাসে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পানীয় জলের সমস্যা সমাধানে বড়সড় উদ্যোগ নিল আসানসোল পুরনিগম। শনিবার, আসানসোলের নাকড়াসোঁতা এলাকায় পানীয় জল প্রকল্পের জন্য ওভারহেড রিজার্ভারের শিলান্যাস করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম , আসানসোল পুরনিগমের কমিশনার দিলীপ মিশ্র সহ প্রশাসনিক আধিকারিকেরা।

নাকড়াসোঁতা ছাড়াও আসানসোল পুরনিগমের বিভিন্ন এলাকায় আরও আটটি ওভারহেড রিজার্ভার নির্মাণের শিলান্যাস করা হয়। অর্থাৎ পুরনিগমের বিভিন্ন প্রান্তে মোট ৯টি ওভারহেড রিজার্ভার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পুর প্রশাসনের দাবি, প্রকল্পগুলি বাস্তবায়িত হলে বিভিন্ন এলাকার মানুষ উপকৃত হবেন।এই অনুষ্ঠানে অগ্নিমিত্রা পাল বলেন, দীর্ঘদিন ধরে যে সমস্ত এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে, সেখানে স্থায়ী পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ। আগামী এক বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ওভারহেড রিজার্ভার নির্মাণের পাশাপাশি বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়ার উদ্যোগও নেওয়া হবে বলে জানান তিনি।

মন্ত্রী অভিযোগ করে বলেন, অতীতে এইসব এলাকায় পানীয় জলের লাইন বসানোর উদ্যোগ নেওয়া হলেও তৃণমূলের নেতারা কালো পতাকা দেখিয়ে কাজে বাধা দিয়েছিলেন। তাঁর দাবি, সেই কারণে কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি এবং এখনও কিছু এলাকায় ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করতে হচ্ছে। অগ্নিমিত্রা পাল জানান, শুধু আসানসোল পুরনিগমের শহরাঞ্চল নয়, গ্রামীণ এলাকাতেও পানীয় জলের পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। ঝাঁটিডাঙ্গা এলাকাতেও একই ধরনের ওভারহেড রিজার্ভার নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।পুর প্রশাসনের আশা, নির্ধারিত সময়ের মধ্যে ৯টি জলাধারের নির্মাণকাজ শেষ হলে আসানসোল পুরনিগমের একাধিক এলাকায় দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা অনেকটাই মিটবে। এর পাশাপাশি পুর এলাকায় নিয়মিত জল সরবরাহ আরও সুসংহত হবে।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *