পদ্মফুল তুলতে গিয়ে বিপত্তি জামুড়িয়ায় পুকুর থেকে নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার
*বেঙ্গল মিরর, জামুড়িয়া ও আসানসোল, রাজা বন্দোপাধ্যাঃ* সাত সকালে পুকুর থেকে উদ্ধার হল এক ব্যাক্তির মৃতদেহ। ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুড়িয়া থানার বেনালি গ্রামের ঘাসুরিয়া নামে একটি পুকুরে। রবিবার সকালের এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত ব্যাক্তি নাম মধু হেমব্রোম (৫০)। তিনি জামুড়িয়া থানার বেনালি টুইলা পাড়ার বাসিন্দা ছিলেন। পুলিশ সুত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিশ্বকর্মা পুজোর দিন সকালে মধু হেমব্রোম পদ্ম ফুল আনতে বাড়িতে বেরিয়েছিলেন। তারপর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের লোকজনের খোঁজাখুঁজি করেন। কিন্তু তাকে তারা খুঁজে পাননি বলে ভাইঝি মিতালি মূর্মু জানিয়েছেন।













তারা মধু হেমব্রোমের নিখোঁজের ব্যাপারে থানাতেও জানান নি। তিনি আরো বলেন, কাকা ফুল আনতে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়েছিলে। তবে তিনি এই পুকুরে পদ্মফুল তুলতে এসেছেন, তা আমরা জানতাম না। এদিকে, রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা বেনালি গ্রামের কোলিয়ারির কাছে ঘাসুড়িয়া পুকুর একটি দেহ ভাসতে দেখেন। তারা গ্রামের বাসিন্দাদের খবর দেন। সেই মতো নিখোঁজ মধু হেমব্রোমের পরিবারের সদস্যরা সেখানে আসেন। পরে শ্রীপুর ফাঁড়ির পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে।
স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে উদ্ধার করা হয় সেই দেহ। মধু হেমব্রোমের পরিবারের সদস্য সেই মৃতদেহ সনাক্ত করেন। এরপর সেই দেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, পুকুরে পদ্মফুল তুলতে গিয়ে কোনভাবে তলিয়ে গিয়ে ঐ ব্যক্তির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশ জানায়।

