ASANSOL

ট্রাফিক নিয়ম ভাঙার অভিযোগ, টোটো চালকের সঙ্গে পুলিশের বচসা, উত্তেজনা রানিগঞ্জে

*বেঙ্গল মিরর, রানিগঞ্জ, রাজা বন্দোপাধ্যায়ঃ* টোটো চলাচল নিয়ন্ত্রণকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে টোটো চালকদের বচসা ও গন্ডগোল এখন আসানসোল শিল্পাঞ্চলে নতুন কোন ঘটনা নয়। বলতে গেলে কোথাও না কোথাও এই ঘটনা ঘটছে। মঙ্গলবার রাতে এমনই এক ঘটনার ছবি সামনে এল রানিগঞ্জ থানার শিশুবাগান মোড়ে। ট্রাফিক নিয়ম না মেনে টোটো চালানোর অভিযোগে এক চালককে আটকাতেই ট্রাফিক গার্ড পুলিশের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। বেশ কিছুক্ষণ ধরে চলে উত্তেজনা।

পরে রানিগঞ্জ থানা ও ট্রাফিক গার্ডের পুলিশ অফিসাররা এসে পরিস্থিতি সামাল দেন।জানা গেছে, মঙ্গলবার রানিগঞ্জের খাটু শ্যাম মন্দিরে সরস সংকীর্তন অনুষ্ঠানকে কেন্দ্র করে ভক্তদের ভিড় ছিল। যানজট নিয়ন্ত্রণে শিশুবাগান মোড় এবং তারবাংলা মোড় এলাকায় রানিগঞ্জ ট্রাফিক গার্ডের তরফে বিশেষ ব্যবস্থা করা হয়েছিল।

পাঞ্জাবি মোড় থেকে রানিগঞ্জের দিকে আসা যানবাহন নিয়ন্ত্রণের পাশাপাশি খাটু শ্যাম মন্দিরমুখী যান চলাচলেও নজরদারি চালানো হচ্ছিল।অভিযোগ, রাতে এক টোটো চালক ট্রাফিক নিয়ম না মেনে টোটো নিয়ে মন্দিরের দিকে যাওয়ার চেষ্টা করেন। কর্তব্যরত ট্রাফিক পুলিশ তাঁকে আটকালে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। কিছুক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়েই চলে তর্ক-বিতর্ক।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশকর্মীরা হস্তক্ষেপ করে বিষয়টি সামাল দেন।প্রসঙ্গতঃ, টোটো চলাচল এবং ট্রাফিক নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন প্রান্তে মাঝেমধ্যেই বচসা ও উত্তেজনার ছবি সামনে আসছে। কোথাও নির্দিষ্ট রুটে টোটো চলাচলে বাধা দেওয়া নিয়ে চালকদের সঙ্গে পুলিশের মতবিরোধ।

আবার কোথাও ট্রাফিক আইন ভাঙার অভিযোগে টোটো আটকানোকে কেন্দ্র করে তৈরি হচ্ছে উত্তেজনা। ফলে যানজট নিয়ন্ত্রণের পাশাপাশি টোটো চলাচল নিয়ে নিয়ম মেনে চলা এবং চালকদের সঙ্গে পুলিশের সমন্বয়ের বিষয়টিও ক্রমেই জটিল হয়ে উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *