ASANSOL

কাঁকসার গ্রামে অবৈধ মদ বিক্রির বাড়বাড়ন্ত বন্ধের দাবিতে পুলিশের দ্বারস্থ মহিলারা

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* গ্রামে অবৈধ মদ বিক্রির বাড়বাড়ন্তে অতিষ্ঠ বাড়ির গৃহবধূরা। বৃহস্পতিবার তাই বাধ্য হয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলেন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁকসা থানার পিয়ারিগঞ্জ এলাকার গৃহবধূরা। এদিন তারা গোটা বিষয় থানায় লিখিত ভাবে জানান ও অবিলম্বে মদ বিক্রি বন্ধ করার দাবি করেন।বিগত সরকার থাকাকালীন একাধিক অভিযোগ উঠতো মদের বাড় বাড়ন্ত হয়েছে সারা রাজ্য জুড়ে।দুর্গাপুরের কাঁকসা থানার পিয়ারিগঞ্জ এলাকার বাসিন্দা মহিলারা বলেন, সরকার পরিবর্তন হয়েছে। ভেবেছিলাম এবার হয়তো এই মদের বাড়বাড়ন্ত থেকে মুক্তি পাবেন এলাকার বাসিন্দা গৃহবধূ থেকে মহিলা সকলেই। ‌

কিন্তু কোন কিছু কমেনি। উল্টে গ্রামে অবৈধ দেশী মদ ও চোলাই বিক্রি করা বেড়েছে। তারা আরো বলেন, দিন আনা দিন খাওয়া পরিবারের পুরুষেরা সর্বস্বান্ত হয়ে যাচ্ছে এই মদের কারণে। ‌স্বামীদের রোজগারের টাকা চলে যাচ্ছে মদের দোকানে। শুধু তাই নয় এর সাথে চলছে অশান্তি। এমনকি মহিলাদের উপর মারধর করা হচ্ছে। ‌ স্বাভাবিকভাবে এই সবকিছু সহ্য করতে না পেরে তারা বাধ্য হয়েছেন পুলিশ প্রশাসনের কাছে আসতে।

তাদের দাবি, এই অবৈধ মদ ব্যবসা বন্ধ হোক। যাতে আমরা শান্তিতে যেন সংসার করতে পারি। আমাদের আবেদনের ভিত্তিতে পুলিশ প্রশাসন এখন কি পদক্ষেপ নেয় সেইদিকেই তাকিয়ে আছি।পুলিশ জানায়, এলাকার মহিলারা অবৈধ মদ বিক্রি করা নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *