আসানসোলের ১৯ নং জাতীয় সড়কে আবারও ধস, গর্তে আতঙ্ক
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের সালানপুর থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের কলকাতাগামী লেনে এথোড়া সেতু সংলগ্ন অংশে হঠাৎ রাস্তায় ধসের ঘটনা ঘটে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় । ধসের ফলে রাস্তার উপর প্রায় এক থেকে দেড় ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে।শুক্রবার রাত্রে এই ঘটনা ঘটে বলে জাতীয় সড়ক সূত্রে জানা গেছে। গুরুত্বপূর্ণ জাতীয় সড়কে হঠাৎ এমন ধস হওয়ায় বাহনচালক ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গাড়িচালকরা কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।













আপাতত নিরাপত্তার স্বার্থে ১৯ নং জাতীয় সড়কের ধসে যাওয়া অংশটি ঘিরে দেওয়া হয়েছে। তবে যান চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে।জাতীয় সড়ক কতৃপক্ষের তরফে বলা হয়েছে, ঠিক কি কারণে এই ধসের ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। যদিও, আসানসোলে ১৯ নং জাতীয় সড়কে ধসের এই ঘটনা নতুন কোন ঘটনা নয়। এর আগে এই ধসের ঘটনা একাধিক বার হয়েছে।

