কুলটিতে ১৯ নং জাতীয় সড়কে মিনিবাসের ধাক্কায় বাইক চালকের মৃত্যু
বেঙ্গল মিরর, কুলটি ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* মিনিবাসের ধাক্কায় মৃত্যু হলো এক মোটরবাইক চালকের। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কে কলকাতাগামী লেনে মেলেকোলা রেলসেতু সংলগ্ন এলাকায়। আসানসোল উত্তর থানার পাঁচগাছিয়া দুর্গা মন্দির এলাকার বাসিন্দা মৃত মোটরবাইক চালকের নাম রাম রতন শর্মা (৪৫)। দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে ,রবিবার সন্ধ্যায় রতন শর্মা মোটরবাইক করে আসছিলেন।













সেই সময় চিত্তরঞ্জন আসানসোল রুটের একটি মিনিবাস কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির মেলেকোলা রেল সেতুর কাছে কলকাতাগামী লেনে ১৯ নং জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাম রতন শর্মার মোটরবাইকে ধাক্কা মারে। সেই ধাক্কায় বাইক চালক ছিটকে পড়ে গুরুতর জখম হন। ধাক্কায় মোটরবাইকটি একবারে দুমড়েমুচড়ে যায়। খবর পেয় চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়।
দ্রুত অ্যাম্বুলেন্সে জখম বাইক চালককে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।পুলিশ জানায়, মৃত মোটরবাইক চালকের নাম রাম রতন শর্মা (৪৫)। তিনি আসানসোলের পাঁচগাছিয়া দুর্গামন্দির এলাকার বাসিন্দা। ঘাতক মিনিবাসটিকে আটক করা হয়েছে।

