ASANSOL

আসানসোলে বিজেপি বিধায়কের উদ্যোগে ১০ দিনের ” কালারিপায়াত্তু” প্রশিক্ষণ শিবিরের সূচনা জোর মহিলা আত্মরক্ষায়

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল সহ পশ্চিম বর্ধমান জেলা ও আশপাশের এলাকার মহিলাদের আত্মরক্ষার বিষয়ে সচেতন ও আত্মবিশ্বাসী করে তোলার উদ্দেশ্যে আসানসোলের পোলো ময়দান সংলগ্ন ইন্ডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হল ১০ দিনের ” কালারিপায়াত্তু” প্রশিক্ষণ শিবির। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে আসানসোল ও তার আশপাশের জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি অন্যান্য রাজ্য থেকেও মেয়েরা অংশ নিয়েছেন।এদিন এক অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে শিবিরের উদ্বোধন করা হয়।

সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক বা ডিএম এস পোন্নাবলম , আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ডাঃ প্রণব কুমার, বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, আসানসোল রাইফেল ক্লাবের পাপ্পু ঢাল, আসানসোল মহিলা কলেজের অধ্যক্ষ ড. স্বাতী নন্দী চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিরা।উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম বলেন, কালারিপায়াত্তু কেরল রাজ্যের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী মার্শাল আর্ট। এখনও বহু মানুষ এই মার্শাল আর্ট শিখছেন এবং নিয়মিত অনুশীলন করছেন।

ছাত্রছাত্রী থেকে শুরু করে পেশাদার মার্শাল আর্ট প্রশিক্ষণার্থীদের কাছেও এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ বলে তিনি জানান।জেলাশাসক বলেন, আসানসোলের ইন্ডোর স্টেডিয়ামে বিশেষ করে মেয়েদের জন্য এই ধরনের প্রশিক্ষণের আয়োজন একটি ভালো উদ্যোগ। এর ফলে মেয়েদের আত্মবিশ্বাস বাড়বে এবং পড়াশোনা বা কাজের জন্য বাইরে বের হওয়ার সময় বিভিন্ন পরিস্থিতির মোকাবিলা করার ক্ষেত্রে তারা আরও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবেন।

আসানসোল উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, মহিলা ক্ষমতায়ন এবং নারীশক্তিকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, প্রত্যেক মহিলার নিজের নিরাপত্তার জন্য আত্মরক্ষার কৌশল শেখা প্রয়োজন, যাতে প্রয়োজনে তাঁরা নিজেরাই নিজেদের সুরক্ষা করতে পারেন।বিধায়ক আরো বলেন, এটি প্রথম প্রশিক্ষণ শিবির।

ভবিষ্যতে প্রতি ছয় মাস অন্তর এই ধরনের প্রশিক্ষণ শিবির আয়োজন করার পরিকল্পনা রয়েছে। কেরল থেকে প্রায় ১০ জন প্রশিক্ষকের একটি দল আসানসোলে এসে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দিচ্ছে।তিনি বলেন, এই প্রশিক্ষণের উদ্দেশ্য শুধুমাত্র আত্মরক্ষার কৌশল শেখানো নয়। এর মাধ্যমে মহিলা ও ছাত্রীদের মধ্যে মানসিক দৃঢ়তা, আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং একাগ্রতাও গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।

ভবিষ্যতে এই ধরনের প্রশিক্ষণ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চালু করা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় জানান, প্রশিক্ষণ শিবিরের জন্য প্রথমে ১৬০ জন অংশগ্রহণকারীর রেজিস্ট্রেশনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল। কিন্তু মানুষের ব্যাপক আগ্রহের কারণে প্রায় ২০০ থেকে ২৫০টি রেজিস্ট্রেশন হয়েছে । বর্তমানে প্রায় ১৮০ জন অংশগ্রহণকারী প্রশিক্ষণে উপস্থিত রয়েছেন।

প্রশিক্ষণের জন্য কোনও অংশগ্রহণকারীর কাছ থেকে কোনও ফি নেওয়া হচ্ছে না। আসানসোল স্পোর্টস ক্লাব অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই শিবিরের আয়োজন করা হয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে আসানসোল ও সংলগ্ন এলাকার পাশাপাশি পুরুলিয়া এবং ঝাড়খণ্ড থেকেও অনেকে এসেেছেন।

আগামী ছয় মাসের মধ্যে পরবর্তী প্রশিক্ষণ শিবির আয়োজন করা হবে। তার দিন আগামী ১০ অক্টোবর ঘোষণা করা হবে।আসানসোল মহিলা কলেজের অধ্যক্ষ ড. স্বাতী নন্দী চক্রবর্তী বলেন, আমাদের কলেজেও সেপ্টেম্বর মাস থেকে কলরিপায়ট্টু প্রশিক্ষণ শুরু হয়েছে।

কলেজের জিবি প্রেসিডেন্ট বিধান মুখোপাধ্যায় এবং পশ্চিম বর্ধমানের বিধায়কের সহযোগিতায় কলেজ চত্বরেই ছাত্রীদের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।তিনি বলেন, বর্তমান সময়ে মহিলা নিরাপত্তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আত্মরক্ষা, সাহস এবং শারীরিক ও মানসিক দৃঢ়তা বাড়ানোর জন্য ছাত্রীদের এই ধরনের প্রশিক্ষণের সঙ্গে যুক্ত হওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *