দুর্গাপুরে দলের নেতার স্মরণ সভায় মহঃ সেলিম দেশকে বাঁচাতে একজোট হওয়ার আহ্বান, আক্রমণ বর্তমান ও প্রাক্তন মুখ্যমন্ত্রীকে
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* কেন্দ্র ও রাজ্যের শাসক দল বিজেপির বিরুদ্ধে সরব হয়ে সবাইকে একজোট হওয়ার আহ্বান জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক মহঃ সেলিম। এর পাশাপাশি তিনি নানা ইস্যুতে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। সিপিএমের রাজ্য সম্পাদক মহঃ সেলিম বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে প্রয়াত সিপিএম নেতা বিপ্রেন্দু ওরফে ভজন চক্রবর্তীর স্মরণসভায় যোগ দেন। তিনি বলেন, বিজেপির কোলে না বসে যদি বিজেপির বিরুদ্ধে কথা বলেন, তাহলেই মঙ্গল।













অনেকের চোর পালালে বুদ্ধি বাড়ে। আবার অনেকের বেশি বয়সে বুদ্ধি হয়। কিন্তু এখানে এখন প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী হওয়ার কথা কেন আসছে? আমরা ভোটাধিকার বাঁচানোর জন্য, সংবিধান রক্ষা করার জন্য একত্রিত হওয়ার ডাক দিচ্ছি। মনে রাখতে হবে সারা দেশে ১৩ কোটি ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে। এই রাজ্যে লক্ষ লক্ষ ভোটারকে বাদ দিয়ে ভোট করানো হয়েছে।
কিন্তু উনি দেখছেন কে মুখ্যমন্ত্রী হবে, কে প্রধানমন্ত্রী হবে। উনার সংকীর্ণতা আছে। তা তিনি এইসব কথা বলছেন।তবে বিজেপির বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতি বার্তা দিয়ে তিনি বলেন, তা সত্ত্বেও উনি যদি বিজেপির কোলে না বসে, বিজেপির দ্বারা আক্রান্ত হচ্ছেন এখন।
সেই জন্য বিজেপির বিরুদ্ধে কথা বলেন, সেটাই মঙ্গল। রেজিনগর ও নন্দীগ্রামের উপনির্বাচন কি নিরপেক্ষ হবে? এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মহঃ সেলিম বলেন, যখন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তখন নিরেপক্ষ ভোট হতেই পারেনা। ২০১৮ সালে তিনি যখন তৃণমূল সরকারের মন্ত্রী ও দলের তরফে এইসব জেলার দায়িত্ব ছিলেন, তখন কি হয়েছিলো, সবাই জানেন। কয়লাকে জল দিয়ে ধুলে যেমন তার কালো রং যায় না, তেমনই তৃনমুল কংগ্রেস থেকে বিজেপিতে গেলে, তার সবকিছু পরিবর্তন হয়ে যায় না।

