ASANSOL

আসানসোলে দুর্গাপুজোর মেলা বসানোকে কেন্দ্র করে গুলি চালানোর অভিযোগ গ্রেফতার তৃণমূল নেতার ঘনিষ্ঠ সহ ৭

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের ধেমোমেন কোলিয়ারিতে দুর্গাপুজোর মেলা বসানোকে কেন্দ্র করে বিবাদের জেরে গুলি চালানোর অভিযোগে সাতজনকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে এই সাতজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে তৃণমূল নেতা রোহিত দুনিয়ার ঘনিষ্ঠ বলে পরিচিত বিনোদ সাউ রয়েছেন। বৃহস্পতিবার ধৃত সাতজনকে আসানসোল আদা আদালতে পেশ করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মেলা বসানোকে কেন্দ্র করে বিবাদের জেরে ধেমোমেনে আট থেকে নয় রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠে।

এই গুলি চালানো হয়েছিল এক বিজেপি নেতাকে লক্ষ্য করে বলে অভিযোগ করা হয়েছে। এঝ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। এই ঘটনার পরে নির্দিষ্ট করে আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিলো। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে পুলিশ সাতজনকে গ্রেফতার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গুলিচালনার ঘটনায় তাঁদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

পাশাপাশি, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পুলিশ জানায়, ধৃতদেরকে জেরা ও তদন্তের পরেই ঘটনার প্রকৃত কারণ ও গুলিচালানোর সঙ্গে জড়িতদের ভূমিকা স্পষ্ট হবে।এই প্রসঙ্গে আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার ডাঃ প্রণব কুমার বলেন মঙ্গলবার রাতের ঘটনা নিয়ে নির্দিষ্ট করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিলো। তার ভিত্তিতে এফআইআর করে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *