গান্ধী জয়ন্তীতে জাতির জনককে আসানসোল পুরনিগমের শ্রদ্ধার্ঘ্য, স্বচ্ছতার শপথ
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* গান্ধী জয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার আসানসোল পুরনিগমের উদ্যোগে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এই উপলক্ষে আসানসোল আদালত সংলগ্ন ঘড়ি মোড়ে গান্ধী মূর্তির পাদদেশে হওয়া অনুষ্ঠানে পুরনিগমের কমিশনার দিলীপ মিশ্র সহ অন্য আধিকারিক ও সাফাইকর্মীরা উপস্থিত ছিলেন। মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।এই প্রসঙ্গে কমিশনার দিলীপ মিশ্র বলেন, মহাত্মা গান্ধীর আদর্শ আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর স্বচ্ছতার ভাবনা শুধু ব্যক্তিগত পরিচ্ছন্নতার মধ্যে সীমাবদ্ধ ছিল না।













বরং জীবনযাপন ও আশপাশের পরিবেশকে পরিষ্কার রাখার উপরও তিনি গুরুত্ব দিয়েছিলেন। গান্ধীজির আদর্শ অনুসরণ করে শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য তিনি শহরবাসীর কাছে আবেদন জানান।দিলীপ মিশ্র আরো বলেন, শহরকে পরিষ্কার রাখা শুধু পুরনিগমের দায়িত্ব নয়, প্রত্যেক নাগরিকেরও কর্তব্য। নিজেদের আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি পুরনিগমের স্বচ্ছতা অভিযানে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।অন্যদিকে, গান্ধী জয়ন্তী উপলক্ষে পুরনিগমের ‘সেবা সংকল্প অভিযান’-এর আওতায় জনকল্যাণ শিবিরও শুরু হয়েছে।
২ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে এই শিবির। এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবার সুবিধা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শহরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানও চালানো হবে।আসানসোল পুরনিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, গান্ধী জয়ন্তীকে কেন্দ্র করে একদিকে যেমন স্বচ্ছতা সম্পর্কে নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, তেমনই জনকল্যাণমূলক সরকারি পরিষেবা ও প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

